Baba Bageshwar Row: অতনু দাসের মধ্যরাতে গ্রেফতারি! ‘বাগেশ্বর বাবাকে কেন গ্রেফতার নয়?’ গর্জে উঠলেন শুভঙ্কর সরকার
KOLKATA: ধীরেন্দ্র শাস্ত্রী ওরফে বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগে মধ্যরাতে কলকাতা পুলিশের জালে ধরা পড়লেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অতনু দাস। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশ কমিশনারকে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়। শুক্রবার এই মধ্যরাতের গ্রেফতারির বিরুদ্ধে কড়া ভাষায় সরব হয়ে প্রেস বিবৃতি জারি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।
বিবৃতিতে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, তাঁদের আশঙ্কাই শেষমেশ সত্যি প্রমাণিত হয়েছে এবং রাজ্যে সরকার দমনপীড়নের রাজনীতি চালাচ্ছে। শুভঙ্কর সরকার জানান, “গতকাল গভীর রাতে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অতনু দাসকে গ্রেপ্তার করা হয়েছে। তথাকথিত বাবা বাগেশ্বরের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখানো এবং তার ছবি পোড়ানোর দায়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আমি এই গ্রেপ্তারের ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।”

পাল্টা আক্রমণ শানিয়ে তিনি প্রশ্ন তোলেন, “তথাকথিত বাবা বাগেশ্বর বাঙালিদের সম্পর্কে কটূক্তি করলেন, বাঙালির কৃষ্টি ও সংস্কৃতিকে অপমান করলেন, তাঁকে কেন গ্রেপ্তার করা হলো না? যাঁরা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে কুৎসিত মন্তব্য করলেন, তাঁদের কেন গ্রেপ্তার করা হলো না?” তাঁর অভিযোগ, যাঁরা শান্তিপূর্ণ উপায়ে বাঙালির সংস্কৃতি রক্ষার স্বার্থে আন্দোলন করছেন, তাঁদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে। ফ্যাসিস্ট শক্তির এই দমননীতির সামনে কংগ্রেস মাথা নত করবে না জানিয়ে তিনি অতনু দাসের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছিলেন যে লিলুয়ায় আসা সন্তের ছবি পোড়ানো কোনওভাবেই বরদাস্ত করা হবে না এবং সিপি-কে নির্দেশ দিয়েছিলেন তাঁদের গ্রেফতার করার। এরপরই বৃহস্পতিবার রাতে অতনু দাসকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার সঙ্গে যুক্ত বাকি অভিযুক্তদের সন্ধানেও তল্লাশি চালাচ্ছে প্রশাসন।




