Chinmoy Krishna Das: চিন্ময়কৃষ্ণের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের সমালোচনা নওশাদের, ভারতের প্রসঙ্গ টানায় পাল্টা তোপ বিজেপির
KOLKATA: বাংলাদেশে জেলবন্দি হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে অসুস্থ মায়ের সঙ্গে শেষ দেখা করতে না দেওয়ার ঘটনার তীব্র নিন্দা করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। প্যারোল নাকচ হওয়ার পর মারা যান চিন্ময়কৃষ্ণের মা সন্ধ্যারানি দাস। মৃত্যুর পর কেবল সৎকারের জন্য পাঁচ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে মায়ের নিথর দেহ জড়িয়ে চিন্ময়কৃষ্ণের কান্নার ছবি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলেছে। সেই ঘটনার প্রেক্ষিতেই এবার বাংলাদেশ সরকারের কড়া সমালোচনা করলেন ভাঙড়ের বিধায়ক।

সোশ্যাল মিডিয়া পোস্টে নওশাদ সিদ্দিকি লেখেন, “দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘু হয়ে জন্মানোটা বোধহয় সবচেয়ে বড় অপরাধ। এই ঘটনা আজকের দক্ষিণ এশিয়ার মানবাধিকার পরিস্থিতির একটি নির্মম প্রতীক হয়ে উঠেছে।” তিনি আরও স্পষ্ট করে বলেন, “বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা এবং রাজনৈতিক অধিকার রক্ষার দাবি সম্পূর্ণ ন্যায়সঙ্গত।” তবে একইসঙ্গে ভারতের ক্ষেত্রেও মানবাধিকারের একই নৈতিক মানদণ্ড বজায় রাখা উচিত বলে মন্তব্য করে উমর খালিদ, শারজিল ইমাম ও ফাদার স্ট্যান স্বামীর প্রসঙ্গ টেনে আনেন তিনি।
আরও পড়ুন: Osama Bin Laden: ৯/১১-র টুইন টাওয়ার হামলার আগেই লাদেনের নিশানায় ছিল ভারত! গোপন নথিতে ফাঁস চাঞ্চল্যকর প্ল্যান
নওশাদের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে রাজ্য বিজেপি। বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার পাল্টা কটাক্ষ করে বলেন, ১৯৪৭ সালে বাংলাদেশে যেখানে ৩২ শতাংশ হিন্দু ছিল, আজ তা কমে ৬ শতাংশের নিচে নেমে এসেছে। তিনি দাবি করেন, ভারতে সংখ্যালঘুরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মতো সর্বোচ্চ সাংবিধানিক পদে বসেছেন, কিন্তু বাংলাদেশে তা কখনও হয়নি। ফলে ভারত ও বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতির তুলনা টানা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়।




