Jagdish Chandra Barma Basunia: দলত্যাগবিরোধী আইন এড়াতেই এনসিপিআই-তে এনেছিল বিজেপি! পুজোর আগেই পদ্মশিবিরে যাচ্ছেন ১৭ সাংসদ, বিস্ফোরক দাবি জগদীশ বসুনিয়ার
COOCH BEHAR: তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের দল এনসিপিআই (NCPI) নিয়ে এবার রাজ্য রাজনীতিতে চরম জল্পনা উসকে দিলেন কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া (Jagdish Chandra Barma Basunia)। তাঁর এক বিস্ফোরক দাবিতে তোলপাড় বঙ্গ রাজনীতি। জগদীশ বসুনিয়ার দাবি, দলত্যাগবিরোধী আইনের হাত থেকে বাঁচাতেই বিজেপি তাঁদের কৌশল করে এনসিপিআই-তে নিয়ে গিয়েছিল। আর এবার আসন্ন দুর্গাপুজোর আগে বা পরেই দলের অন্তত ১৭ জন সাংসদ আনুষ্ঠানিকভাবে পদ্মশিবিরে যোগ দিতে চলেছেন।

সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া স্পষ্টভাবে জানিয়েছেন, “আমাদের উদ্দেশ্য ছিল বিজেপিতে যোগ দেওয়া। দলত্যাগবিরোধী আইন এড়াতেই বিজেপি আমাদের এনসিপিআই-তে নিয়ে এসেছিল। এখন আমাদের ২০ জন সদস্যের মধ্যে ১৪ জন গেলেই দুই-তৃতীয়াংশ হয়ে যায়, আর আমরা ১৭ জন একসঙ্গে বিজেপিতে যাচ্ছি। ফলে কোনোভাবেই আমাদের সদস্যপদ বাতিল হবে না বা আমরা দলবিরোধী আইনের আওতায় পড়ব না।” এই চাঞ্চল্যকর দাবির পর থেকেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে যে, তবে কি এনসিপিআই কেবল বিজেপিতে যাওয়ার একটি ‘ট্রানজিট পয়েন্ট’ ছিল?
এদিকে জগদীশ বসুনিয়ার এই বিরাট দাবির পর কিছুটা অস্বস্তিতে পড়েছে রাজ্য বিজেপি। বিজেপির রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার এই বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি বলেন, বিজেপির অন্দরে এমন কোনও আলোচনা হয়নি এবং ওই সাংসদ যে মন্তব্য করেছেন তার দায় সম্পূর্ণ তাঁর নিজের, বিজেপির নয়। সব মিলিয়ে, উপনির্বাচনের আগে এনসিপিআই সাংসদদের বিজেপিতে যোগদানের এই জল্পনা ঘিরে বাংলার রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে।




