কলকাতায় ফের বিজেপির গোষ্ঠী সংঘর্ষ। এন্টালির পর এবার ঘটনাস্থল আনন্দপুর। প্রীতিভোজের আয়োজন ঘিরে মুখোমুখি সংঘর্ষে জড়াল বিজেপির দুই গোষ্ঠী। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে পুলিশের সামনেই দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।
অভিযোগ, রবিবার আনন্দপুর মাঠে একটি প্রীতিভোজের আয়োজন করা হয়। তার জন্য কুপন ছাপানো হয় এবং সেখানে বিজেপি কসবা বিধানসভার নাম লেখা হয়। বিজেপির এক গোষ্ঠীর অভিযোগ, দলের অনুমোদন ছাড়াই এই প্রীতিভোজের আয়োজন করা হয়েছে এবং স্থানীয় ব্যবসায়ীদের থেকে টাকা তোলা হয়েছে। এই অভিযোগ তোলেন ১০৮ নম্বর ওয়ার্ডের বিজেপির মণ্ডল সভাপতি অরুণ বিষয়ী।
পাল্টা অন্য গোষ্ঠীর দাবি, প্রীতিভোজ চলাকালীন ১০৮ নম্বর ওয়ার্ডের মণ্ডল সভাপতির নেতৃত্বে তাদের ওপর উত্তেজনা তৈরি করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক অশান্তি হয়। রাত সাড়ে ১০টা নাগাদ আনন্দপুর থানার সামনে ফের দু’পক্ষ মুখোমুখি হয়। যখন এক গোষ্ঠী থানায় অভিযোগ জানাতে আসে, তখন সেখানে হাজির হন মণ্ডল সভাপতি ও তাঁর অনুগামীরা।
মণ্ডল সভাপতি অরুণ বিষয়ীর দাবি, ৪ মে-এর পর তৃণমূল থেকে যারা বিজেপিতে এসেছে, তারা তাঁর ও দলের নাম করে লক্ষ লক্ষ টাকা তুলেছে। অন্যদিকে দক্ষিণ কলকাতা জেলা কমিটির সদস্য সরস্বতী সরকারের গোষ্ঠীর অভিযোগ, জেলা সভাপতির মদতে স্থানীয় নেতা উত্তেজনা ছড়িয়েছেন। এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ।
এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর, যার মধ্যে মহিলারাও রয়েছেন। এক ব্যক্তিকে গুরুতর আহত করার অভিযোগও উঠেছে। পুলিশ কোনওমতে দু’পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।



