মাঝরাতে গ্রেফতারির পর জামিন সিপিএম নেতা শ্রুতিনাথ প্রহরাজের! চুঁচুড়ায় গিয়ে পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন মীনাক্ষী

Published:

গত ১০ অগস্ট চুঁচুড়ায় আইন অমান্য আন্দোলনে অশান্তি পাকানোর অভিযোগে উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক তথা সিপিএম নেতা শ্রুতিনাথ প্রহরাজকে ভোররাতে গ্রেফতার করেছিল পুলিশ। তবে আজ চুঁচুড়া আদালত তাঁর জামিন মঞ্জুর করেছে। শ্রুতিনাথ ছাড়াও অনুপম চক্রবর্তী ও দীপক চক্রবর্তী নামে আরও দুই সিপিএম কর্মীকে গ্রেফতার করা হয়েছিল। আদালত তাঁদের তিনজনেরই জামিন মঞ্জুর করেছে।

বাম নেতাকর্মীদের গ্রেফতারের খবর পেয়েই এদিন চুঁচুড়া আদালতে ছুটে আসেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। গ্রেফতারির ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। মীনাক্ষীর দাবি, সম্পূর্ণ বেআইনিভাবে এই গ্রেফতারি হয়েছে, যা পুলিশ করতে পারে না। তিনি কটাক্ষ করে বলেন, “তৃণমূলের পুলিশ যেভাবে তাবেদারি করত, একইভাবে বর্তমান সরকারের পুলিশও সেই তাবেদারি শুরু করেছে।”

মীনাক্ষী আরও জানান, গত ১০ অগস্ট দেশজুড়ে শ্রমিক, কৃষক এবং খেতমজুরদের দাবিদাওয়া নিয়ে বামপন্থীদের আন্দোলন চলছিল। তাঁর অভিযোগ, মানুষের দাবিতে বামপন্থীদের এই লড়াইয়ের সময় বিরোধীরাও আক্রমণ শানিয়েছে। তিনি প্রশ্ন তোলেন, “এর আগে চুঁচুড়ার রাস্তায় আমাদের মারধর করা হয়েছে। যারা সেদিন মারধর করল, ভাঙচুর করল, তাদের বিরুদ্ধে পুলিশ কী ব্যবস্থা নিল? রাতে বাম নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে, কিন্তু বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশের এমন তৎপরতা তো চোখে পড়ল না!”

সবশেষে পুলিশ প্রশাসনকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, “আমরা পুলিশকে পরিষ্কার বলছি, আপনারা গত ১৫ বছর ধরে তাবেদারি করেছেন। রাজনৈতিক দল আসে আর যায়, কিন্তু আপনারা দয়া করে তাবেদারি করবেন না।” সিপিএম নেতার এই গ্রেফতারি এবং জামিন ঘিরে হুগলির রাজনীতি আপাতত বেশ সরগরম।

Sougata Raha
Sougata Raha
রাজ্য ও জেলার প্রতিদিনের খবরাখবর সংগ্রহ এবং ক্রাইম বিটের দায়িত্বে।

Related articles

spot_img

Recent articles

spot_img