BJP MLA Threatens Villagers: ‘বেশি বাড়াবাড়ি করলে জেলে পুরব!’, বেহাল রাস্তার অভিযোগ জানাতেই গ্রামবাসীদের চরম হুঁশিয়ারি বিজেপি বিধায়কের
AGRA: উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট বৈতরণী পার হওয়ার পর সাধারণ মানুষের মৌলিক সমস্যার কথা শুনলেই জনপ্রতিনিধিদের মেজাজ কীভাবে সপ্তমে চড়ে, তার ফের প্রমাণ মিলল উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। রাস্তাঘাট বেহাল কেন? এই সাধারণ প্রশ্ন তোলায় গ্রামবাসীদের সোজা জেলে পাঠানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠল আগ্রার ফতেহাবাদ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক (BJP MLA) ছোটেলাল ভার্মার বিরুদ্ধে। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে আগ্রার ফতেহাবাদে। ওই এলাকারই এক বাসিন্দার মৃত্যুর পর তাঁর পরিবারকে সমবেদনা জানাতে গিয়েছিলেন বিধায়ক ছোটেলাল ভার্মা। শোকস্তব্ধ পরিবার ও গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার মূল রাস্তাটি বেহাল হয়ে পড়ে রয়েছে। সামান্য বৃষ্টিতেই কাদা-জলে একাকার হয়ে যায় রাস্তাটি, যার ফলে নিত্যদিন চরম ভোগান্তির শিকার হন মানুষ। এমনকি মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকেও দাবি করা হয়েছে, অসুস্থতার সময় রাস্তা খারাপ থাকায় খাটিয়ায় করে রোগীকে বয়ে নিয়ে যেতে হয়েছিল।
বিধায়ক এলাকায় আসতেই ক্ষুব্ধ গ্রামবাসীরা বহু পুরোনো এই সমস্যাটি তাঁর সামনে তুলে ধরেন। কিন্তু অভিযোগ, সমস্যার সমাধান করার বদলে উলটে চটে যান বিধায়ক। ভাইরাল হওয়া ভিডিওতে তাঁকে এক গ্রামবাসীর উদ্দেশে বলতে শোনা যায়, “চোখ রাঙাচ্ছেন কেন? বড্ড অহংকার হয়ে গিয়েছে! বেশি বাড়াবাড়ি করলে সোজা জেলে পুরে দেব।” শোক জানাতে এসে পরিবারের এক মহিলার সঙ্গেও তিনি দুর্ব্যবহার করেন বলে অভিযোগ উঠেছে।

যদিও সমালোচনার মুখে পড়ে নিজের সাফাই দিয়েছেন অভিযুক্ত বিধায়ক। তাঁর দাবি, সেখানে উপস্থিত কিছু লোক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। সেই উসকানিতেই মেজাজ হারিয়ে তিনি কড়া কথা বলেছেন বলে স্বীকার করেছেন বিধায়ক। তবে স্থানীয় বাসিন্দারা বিধায়কের এই দাবি সম্পূর্ণ অস্বীকার করে জানিয়েছেন, তাঁরা শুধুমাত্র দীর্ঘদিনের যন্ত্রণাদায়ক বেহাল রাস্তার কথাই জানতে চেয়েছিলেন।




