PM-SYM Scheme: দিনে মাত্র ২ টাকা জমিয়েই কেল্লাফতে! বছরে ৩৬ হাজার টাকা নিশ্চিত পেনশনের সুবর্ণ সুযোগ দিচ্ছে কেন্দ্র
NEW DELHI: বেসরকারি সংস্থার স্বল্পবেতনের কর্মী হন কিংবা দিনমজুর— বয়স বাড়লে সংসার কীভাবে চলবে, সেই চিন্তা কমবেশি সকলকেই তাড়া করে। বিশেষ করে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, যাঁদের বাঁধাধরা মাইনে বা সঞ্চয় নেই, বার্ধক্যে পৌঁছনোর পর তাঁদের অনিশ্চয়তা সবচেয়ে বেশি। এই মানুষদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকার চালু করেছে ‘প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা’ (PM-SYM Scheme)। এই সামাজিক সুরক্ষা প্রকল্পে প্রতি মাসে নামমাত্র টাকা জমিয়ে রাখলেই ৬০ বছর বয়সের পর থেকে মিলবে নির্দিষ্ট অঙ্কের নিশ্চিত পেনশন।
কারা পাবেন এই সুবিধা?
১৮ থেকে ৪০ বছর বয়সী যে কোনও অসংগjjঠিত ক্ষেত্রের শ্রমিক, যাঁদের মাসিক আয় ১৫ হাজার টাকার কম, তাঁরাই এই স্কিমে যুক্ত হতে পারবেন। রাস্তার ফেরিওয়ালা, রিকশাচালক, নির্মাণকর্মী, দর্জি, মুচি, ধোপা কিংবা গৃহসহায়কদের মতো মানুষেরা সহজেই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। তবে শর্ত হলো, আবেদনকারীকে আয়করদাতা হলে চলবে না। পাশাপাশি, তিনি EPFO, NPS বা ESIC-র মতো অন্য কোনও পেনশন বা বিমা ব্যবস্থার সুবিধাভোগী হতে পারবেন না।

কত টাকা জমা দিতে হবে?
এই প্রকল্পে জমার পরিমাণ ঠিক হয় আবেদনকারীর বয়সের ভিত্তিতে। যত কম বয়সে যোগ দেওয়া যাবে, আর্থিক বোঝাও তত কমবে। যেমন, ১৮ বছর বয়সে এই যোজনায় নাম নথিভুক্ত করলে মাসে দিতে হবে মাত্র ৫৫ টাকা (অর্থাৎ দিনে ২ টাকারও কম)। অন্যদিকে, বয়স বৃদ্ধি পেলে জমার অঙ্কও কিছুটা বাড়ে, যেমন ২৯ বছর বয়সে এই স্কিমে যোগ দিলে মাসে জমা দিতে হবে ২০০ টাকা।
এইভাবে নির্দিষ্ট নিয়ম মেনে ৬০ বছর বয়স পর্যন্ত নিয়মিত কিস্তি জমা দিলে, তার পর থেকে মিলবে প্রতি মাসে সর্বোচ্চ ৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত পেনশন। অর্থাৎ বছরে হাতখরচ বাবদ ঘরে আসবে ৩৬,০০০ টাকা। বিশেষ করে যাঁরা দিন আনে দিন খায়, শেষ বয়সে তাঁদের স্বাবলম্বী করে তুলতে সরকারের এই উদ্যোগ নিঃসন্দেহে অত্যন্ত কার্যকর একটি হাতিয়ার।




