Bagbazar Sarbojanin Durga Puja: মহালয়ার আগে ফাঁকা মাঠ! কমিটি-দ্বন্দ্বে চরম অনিশ্চয়তায় বাগবাজার সার্বজনীনের পুজো
KOLKATA: মহালয়ার আর মাত্র ৩১ দিন বাকি। অন্যান্য বছর এই সময়ে মণ্ডপের প্রায় ৬০ শতাংশ কাজ শেষ হয়ে যায়, তিলতিল করে মৃন্ময়ী রূপ পেতে শুরু করে প্রতিমা। কিন্তু এবারের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। এখনও পর্যন্ত একেবারে ফাঁকা বাগবাজার সার্বজনীনের (Bagbazar Sarbojanin Durga Puja) পুজো মাঠ! কমিটির অভ্যন্তরীণ বিবাদ এবং আইনি টানাপোড়েনের জেরে উত্তর কলকাতার এই ঐতিহ্যবাহী পুজো ঘিরে এবার চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।

জানা গিয়েছে, গৌতম নিয়োগী হাই কোর্ট নিযুক্ত এক পর্যবেক্ষককে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ তুলেছেন। যদিও এই বিষয়ে তিনি সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে কোনও মন্তব্য করতে পরিষ্কার অস্বীকার করেছেন। অন্যদিকে, ইচ্ছুক নতুন কমিটির কোনও সদস্যও ফোন ধরছেন না। এই চূড়ান্ত জটিলতার জেরে অগাস্টের প্রথম সপ্তাহ পেরিয়ে গেলেও সিমেন্টের যে প্ল্যাটফর্মের ওপর মণ্ডপ গড়ে ওঠে, তা আজও সম্পূর্ণ খালি পড়ে রয়েছে।
কমিটির এই টানাপোড়েনে রীতিমতো উদ্বিগ্ন বাগবাজারের স্থানীয় বাসিন্দারা। পাড়ার তরুণ থেকে বয়স্ক— সবার মনেই উঁকি মারছে পুজো না হওয়ার জোরালো আশঙ্কা। তবে আশা ছাড়তে নারাজ অনেকেই। স্থানীয়দের একাংশের কথায়, “মায়ের পুজো, মা নিজেই ঠিক পুজোর ব্যবস্থা করে নেবেন।” শেষ পর্যন্ত বাগবাজার সার্বজনীনের পুজোর ভবিষ্যৎ কী হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে তিলোত্তমা।




