Kolkata Durga Puja: নিউইয়র্ক থেকে লন্ডন! দুর্গাপুজোকে বিশ্বের দরবারে তুলে ধরতে নয়া সরকারের বিরাট পরিকল্পনা
KOLKATA: বাংলার দুর্গাপুজো এবার আন্তর্জাতিক মঞ্চে। কলকাতা এবং বাংলার গণ্ডি পেরিয়ে বিশ্বমঞ্চে বাঙালির আবেগ ও সংস্কৃতিকে তুলে ধরতে এক যুগান্তকারী উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। ইউনেস্কোর (UNESCO) স্বীকৃতি পাওয়া এই দুর্গোৎসবকে আন্তর্জাতিক সাংস্কৃতিক ও পর্যটন ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে ইতিমধ্যেই শুরু হয়েছে বিশেষ প্রচার অভিযান।
নতুন এই প্রচার পরিকল্পনায় নিউইয়র্ক, দুবাই, লন্ডন ও সিডনির মতো আন্তর্জাতিক স্তরের শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলিকে বেছে নেওয়া হয়েছে। শুধু বিদেশেই নয়, দেশের অন্তত ১০টি আন্তর্জাতিক বিমানবন্দর, ৫০টি গুরুত্বপূর্ণ রেলস্টেশন এবং বাংলার ১,০০০টি পুজো প্যান্ডেলের মাধ্যমেও একযোগে প্রচার চালানো হবে। উদ্দেশ্য একটাই— বিদেশি পর্যটকদের বাংলায় আকৃষ্ট করা এবং দুর্গাপুজোকে বিশ্বমানের পর্যটন উৎসব হিসেবে তুলে ধরা। বিশ্বজুড়ে বসবাসকারী বাঙালিদের আবেগের সঙ্গে বাংলার যোগসূত্র আরও দৃঢ় করতেও এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপনের পাশাপাশি ডিজিটাল ও সোশ্যাল মিডিয়াতেও চলছে জোরদার প্রচার। সরকারের প্রাথমিক লক্ষ্য, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রায় ২০০ কোটি ভিউ ও ইমপ্রেশন অর্জন করা। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে বাংলার দুর্গোৎসবের ছবি, ঐতিহ্য ও আবেগ পৌঁছে দিতে এই বিপুল লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।
এই প্রচারে বাংলার দুর্গাপুজোর একাধিক স্বতন্ত্র বৈশিষ্ট্য বিশ্বের সামনে তুলে ধরা হবে। যার মধ্যে থাকছে চোখধাঁধানো থিম প্যান্ডেল, সাবেকি বনেদি বাড়ির পুজো, পুরনো আচার-অনুষ্ঠান, লোকসংস্কৃতি, খাবার ও পোশাক এবং সর্বোপরি আপামর বাঙালির আবেগ। পুজোকে শুধুমাত্র একটি ধর্মীয় উৎসবের গণ্ডিতে আটকে না রেখে, বাংলার ইতিহাস, সংস্কৃতি, শিল্প ও পর্যটনের সম্মিলিত প্যাকেজ হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরাই এই নতুন পরিকল্পনার মূল লক্ষ্য।



