Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে সাময়িক স্বস্তি, দমকলের নোটিসে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের
KOLKATA: আপাতত স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনই খালি করতে হচ্ছে না তাঁর ক্যামাক স্ট্রিটের অফিস। শুক্রবার এক শুনানিতে দমকল বিভাগের দেওয়া অফিস খালি করার নোটিসের ওপর সাময়িক স্থগিতাদেশ জারি করল কলকাতা হাই কোর্ট। বিচারপতি কৃষ্ণ রাও এই স্থগিতাদেশ দেন এবং আগামী ১৬ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী রায় ঘোষণা করা হবে। তবে অফিস খালি না করতে হলেও আপাতত সেখানে কোনওরকম কাজ করা যাবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

অগ্নিনির্বাপণ ব্যবস্থায় অসংখ্য ত্রুটি এবং রক্ষণাবেক্ষণের অভাবের কারণ দেখিয়ে সম্প্রতি ৯, ক্যামাক স্ট্রিটের সপ্তম ও অষ্টম তলায় অবস্থিত এই তৃণমূল পার্টি অফিসটি অবিলম্বে খালি করার নির্দেশ দিয়েছিল দমকল বিভাগ। এর আগে গত ২৫ অগস্ট বাড়ির মালিকও ২৪ ঘণ্টার মধ্যে অফিস ছাড়ার নোটিস দিয়েছিলেন, যার ওপর স্থগিতাদেশ দিয়েছিল সিটি সিভিল কোর্ট। দমকলের দাবি ছিল, ভবনটি অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে এবং নতুন করে শংসাপত্র না পাওয়া পর্যন্ত ওই জায়গা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
উল্লেখ্য, এর আগেও অভিষেকের এই দফতরকে কেন্দ্র করে চরম জটিলতা তৈরি হয়েছিল। কলকাতা পুরসভার আধিকারিকরা সেসময় একটি ‘অবৈধ’ বিলবোর্ড খুলতে গেলে পুলিশ ও পুরকর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন তৃণমূল কর্মীরা। সেই ঘটনায় ডেরেক ও’ব্রায়েন-সহ একাধিক জনের বিরুদ্ধে থানায় এফআইআর রুজু হয়েছিল এবং জল গড়িয়েছিল আদালত পর্যন্ত। এমতাবস্থায় দমকলের নির্দেশে নতুন করে যে আইনি অস্বস্তি তৈরি হয়েছিল, শুক্রবার হাই কোর্টের নির্দেশে তা আপাতত কাটল বলেই মনে করছে রাজনৈতিক মহল।




