PM Modi: ব্রিকস সম্মেলনের ২ দিনের মাথায় মোদীকে নিয়ে চিনের বড় বিবৃতি, ভারতের ‘স্বাধীন বিদেশ নীতি’র প্রশংসায় বেজিং
NEW DELHI: “ভারত একটি স্বাধীন বিদেশ নীতি অনুসরণ করে”— প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi) এই বক্তব্যকে প্রকাশ্যে স্বাগত জানাল চিন। সম্প্রতি সমাপ্ত হওয়া ব্রিকস সম্মেলনের সাইডলাইনে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছিলেন মোদী। আর সেই সম্মেলন শেষ হওয়ার মাত্র দু’দিনের মাথায় বেজিংয়ের এই ইতিবাচক বিবৃতি আন্তর্জাতিক রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।

চিনের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভারত যে স্বাধীনভাবে তাদের বৈদেশিক নীতি নির্ধারণ করছে, বেজিং তাকে সম্মান করে এবং স্বাগত জানায়। উল্লেখ্য, ব্রিকস সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদী এবং শি জিনপিংয়ের মধ্যে বিস্তারিত দ্বিপাক্ষিক বৈঠক হয়। সেখানে সীমান্ত সমস্যা সমাধান করে দুই দেশের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার উপর বিশেষ জোর দেওয়া হয়েছিল।
বিশেষজ্ঞদের মতে, আমেরিকা ও পশ্চিমি দেশগুলোর সঙ্গে ভারতের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার মাঝে ভারতের স্বাধীন বিদেশ নীতির প্রশংসা করে আদতে বেজিং নয়াদিল্লিকে একটি ইতিবাচক বার্তা দিতে চাইছে। গালওয়ান সংঘর্ষের পর থেকে দুই দেশের সম্পর্কে যে শৈত্য তৈরি হয়েছিল, মোদীর বক্তব্যের প্রতি চিনের এই প্রকাশ্য সমর্থন কি সেই বরফ গলার ইঙ্গিত? আগামী দিনে ভারত-চিন কূটনৈতিক সম্পর্ক কোন পথে এগোয়, এখন সেদিকেই নজর গোটা বিশ্বের।




