‘সংস্কৃতি মনে থাকে, ক্লেভেজে নয়!’, রাখিবন্ধনের পোশাক বিতর্কে কঙ্গনা রানাউতকে চাঁচাছোলা জবাব কৃতী শ্যাননের

Published:

রাখিবন্ধন উপলক্ষে একটি গয়না প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনে খোলামেলা পোশাকে ধরা দিয়ে মারাত্মক বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী কৃতী শ্যানন। অভিযোগ, কৃতীর অত্যাধুনিক পোশাক থেকে উঁকি দেওয়া বক্ষবিভাজিকা ঐতিহ্যবাহী উৎসবকে কালিমালিপ্ত করেছে। এই বিতর্কে ঘৃতাহূতি দিয়ে কৃতীকে তীব্র কটাক্ষ করেছিলেন সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউত। তবে কঙ্গনার এই মন্তব্যের পর চুপ না থেকে তাঁকেও কড়া ভাষায় পালটা জবাব দিলেন কৃতী শ্যানন।

বিজ্ঞাপনী ঝলক প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় সমালোচনার ঝড় ওঠে। একাংশের মতে, রাখিবন্ধনের মতো পবিত্র উৎসবে খোলামেলা পোশাক পরে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে কলুষিত করছেন কৃতী। এই আবহেই এক দীর্ঘ পোস্টে কৃতীর সমালোচনা করে কলম ধরেন কঙ্গনা। তিনি লেখেন, “আমাদের আলমারিতে ককটেল ড্রেস থেকে শাড়ি, বিকিনি বা সালোয়ার কামিজের মতো সবরকমের পোশাকই থাকে। কিন্তু, ভাইকে রাখি পরানোর সময় বিকিনি বা অন্তর্বাসের মতো পোশাকই কি পরতে হবে? স্টাইল করার জন্য তো অনেকরকমের ফ্যাশনেবল পোশাক রয়েছে। এই লুকটা সত্যিই ভীষণ অস্বস্তিকর।”

Screenshot 2026 0825 204622

কঙ্গনার এহেন কটাক্ষের পরই পালটা জবাব দিতে মাঠে নামেন কৃতী শ্যানন। সাংসদের ঢিলের পালটা পাটকেল ছুড়তে ছাড়েননি তিনিও। কৃতী স্পষ্ট যুক্তি দিয়ে জানান, “ঐতিহ্য-সংস্কৃতি নারীদের মনে থাকে। পোশাকের নেকলাইন কিংবা বিভাজিকায় নয়।” নারীদের পোশাক নিয়ে সমাজের এই বিচার করার প্রবণতা কবে বন্ধ হবে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

কৃতী তাঁর মন্তব্যে আরও বলেন, “রাখিবন্ধন উৎসব একটা আবেগ। সুরক্ষার এক বন্ধন। তাছাড়া, নারীরা কী পরবেন- সে বিষয়ে তাঁদের নিদান দেওয়া সমাজ কবে বন্ধ করবে? সময়ের সঙ্গে ট্র্যাডিশনাল পোশাকের ধরনে অনেক পরিবর্তন এসেছে, অথচ আজও একজন নারীর সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধকে শুধু তাঁর পোশাক দিয়েই বিচার করা হয়।” কৃতীর এই চাঁচাছোলা জবাবে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে।

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img