হুগলির উত্তরপাড়ায় বড়সড় বাজি ও জুয়া চক্রের পর্দাফাঁস করল চন্দননগর পুলিশ কমিশনারেট। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে চন্দননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ (ডিডি), কেন্দ্রীয় বাহিনী এবং উত্তরপাড়া থানার পুলিশের যৌথ অভিযানে এই বিরাট সাফল্য মিলেছে। উত্তরপাড়া থানা এলাকার ৩ নম্বর ওয়ার্ডে সঞ্জয় মজুমদার নামে এক ব্যক্তির বাড়িতে আচমকা হানা দেয় পুলিশ। ওই বাড়িতে তল্লাশি চালিয়ে চোখ কপালে ওঠে তদন্তকারীদের। সেখান থেকেই উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নগদ টাকা এবং সোনার গয়না।
আরো পড়ুন: স্ত্রীর পরকীয়ার জেরেই কি খুন? ছেলের দেহ নিয়ে থানার সামনে কান্নায় লুটোলেন মা, দুর্গাপুরে চাঞ্চল্য
চন্দননগর পুলিশের ডিসিপি (ডিডি) রূপান্তর সেনগুপ্ত জানিয়েছেন, এই বেটিং বা বাজি ধরা এবং জুয়া চক্রের খবর তাদের কাছে আগে থেকেই ছিল। সেই খবরের ভিত্তিতেই সুনির্দিষ্ট পরিকল্পনা করে এই অভিযান চালানো হয়। পুলিশি তল্লাশিতে ওই বাড়ি থেকে নগদ প্রায় সাড়ে ১২ লক্ষ টাকা এবং ১ কেজি ৫৩১ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। বর্তমান বাজারে উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ সোনার আনুমানিক মূল্য প্রায় আড়াই কোটি টাকা। একইসঙ্গে ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স সহ জুয়া সংক্রান্ত আরও বেশ কিছু সন্দেহজনক সামগ্রী বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।
এই বেআইনি কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন গোয়েন্দারা। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃতদের জেরা করে এই চক্রের সঙ্গে জড়িত আরও ১৮ জন সন্দেহভাজনের নাম উঠে এসেছে, যারা দীর্ঘদিন ধরে এই চক্রটি চালাচ্ছিল। খুব শীঘ্রই তাদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হবে এবং তাদেরও দ্রুত গ্রেফতার করা হবে বলে আশাবাদী পুলিশ।



