পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে কোকওভেন থানার সামনে এক মর্মান্তিক ও হৃদয়বিদারক দৃশ্য। ছেলের মৃ*তদেহ থানার সামনে রেখে বিচারের দাবিতে প্রকাশ্য রাস্তায় কান্নায় লুটিয়ে পড়লেন এক অসহায় মা। সোমবার সন্ধেতে এই দৃশ্য দেখে রীতিমতো থমকে যান পথচলতি সাধারণ মানুষ। শোকস্তব্ধ মায়ের এই অবস্থা দেখে ক্ষোভে ফেটে পড়েন মৃতের প্রতিবেশীরাও, দোষীদের কঠোর শাস্তির দাবিতে শুরু হয় প্রতিবাদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম হরনাথ মহন্ত (৩০)। গত রবিবার কোকওভেন থানার অন্তর্গত বাঁকুড়া মোড় এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ওই যুবকের ঝুলন্ত দে*হ উদ্ধার হয়। এরপর তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
তবে এই স্বাভাবিক মৃ*ত্যু বলে মানতে নারাজ যুবকের পরিবার। এই ঘটনার পিছনে ঘনীভূত হয়েছে পরকীয়া ও খু*নের তত্ত্ব। নিহতের পরিবারের গুরুতর অভিযোগ, যুবকের স্ত্রী বৃষ্টি মহন্ত বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। আর সেই পরকীয়া সম্পর্কের জেরেই স্ত্রীর প্ররোচনায় এই মর্মান্তিক পরিণতি। এমনকি, স্ত্রী ও তাঁর পরিবার মিলে হরনাথকে পরিকল্পনা করে খু*ন করেছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে মৃতের পরিবার। দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই এদিন থানার সামনে বিক্ষোভে শামিল হন পরিজন ও প্রতিবেশীরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



