নেপালে ভয়াবহ হড়পা বান এবং প্রাকৃতিক বিপর্যয়ের পর পরিস্থিতি এখনও অত্যন্ত উদ্বেগজনক। বিদেশ মন্ত্রকের দেওয়া সাম্প্রতিক তথ্য অনুযায়ী, এই ভয়াবহ বিপর্যয়ে এখনও পর্যন্ত ৫৩৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নদী এবং তীরবর্তী এলাকাগুলিতে লাগাতার তল্লাশি চলছে। নেপালের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত প্রায় ১,৯২৪ জন নিখোঁজ রয়েছেন। এই নিখোঁজদের তালিকায় ৫১১ জন বিদেশি পর্যটকও রয়েছেন। যদিও ইতিমধ্যেই ৩৩টি দেশের ১২১ জন বিদেশি নাগরিককে সুরক্ষিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকারী দল।
এরই মধ্যে নেপালের বন্যাকবলিত এলাকায় নতুন করে বিপদের ভ্রুকুটি দেখা দিয়েছে। চিনা আধিকারিকদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রসুয়া জেলা পুলিশ জানিয়েছে, ভোটেকোশী নদীর জলস্তর আবারও দ্রুতহারে বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতির কথা মাথায় রেখে নেপালের আবহাওয়া ও বিপর্যয় মোকাবিলা দফতর ত্রিশূলী নদী এবং তার তীরবর্তী এলাকাগুলির (মুগলিং পর্যন্ত) জন্য জরুরি হাই অ্যালার্ট জারি করেছে। ওই এলাকার বাসিন্দা, পর্যটক এবং ত্রাণকর্মীদের অবিলম্বে নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: নেপালে ভয়াবহ বন্যা ও হড়পা বান! মৃত ১৬০ ছাড়াল, নিখোঁজ প্রায় ৩০০ ভারতীয় পর্যটক
নেপাল সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই মুহূর্তে তাঁদের প্রথম অগ্রাধিকার হলো সাধারণ মানুষের জীবন বাঁচানো, আহতদের চিকিৎসা এবং দুর্গতদের কাছে পর্যাপ্ত ত্রাণ পৌঁছে দেওয়া। নেপাল সেনা, সশস্ত্র পুলিশ বাহিনী এবং স্থানীয় প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। নিখোঁজ বিদেশি পর্যটকদের বিষয়ে তথ্য সংগ্রহ এবং সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গে যোগাযোগের জন্য বিদেশ মন্ত্রক একটি বিশেষ ইমার্জেন্সি কন্ট্রোল রুম চালু করেছে এবং হেল্পলাইন নম্বর (+977-9744441227) জারি করেছে। পাশাপাশি, ত্রাণ ও পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে (PMDRF) অনুদান দেওয়ার আর্জি জানানো হয়েছে। তবে প্রশাসন আশ্বস্ত করেছে যে, বিপর্যয়ের প্রভাব দেশের নির্দিষ্ট কিছু অংশে সীমাবদ্ধ থাকায় নেপালের বাকি অংশ এখনও আন্তর্জাতিক পর্যটকদের জন্য সম্পূর্ণ সুরক্ষিত ও খোলা রয়েছে।



