Bigg Boss Bangla Wild Card Entry: অনিন্দ্যর বিদায়ের পরই ওয়াইল্ড কার্ড এন্ট্রি! ‘বিগ বস’-এর ঘরে পা রাখছেন কোন তারকা? তুঙ্গে জল্পনা
KOLKATA: সৌরভ গাঙ্গুলির সঞ্চালনায় শুরু থেকেই একের পর এক চমক উপহার দিচ্ছে ‘বিগ বস বাংলা’ (Bigg Boss Bangla)। প্রতিযোগীদের সমীকরণ, খুনসুটি আর বাকবিতণ্ডায় জমে উঠেছে শো। প্রথম সপ্তাহেই শো থেকে অভিনেতা অনিন্দ্যর বিদায়ের পর এবার ঘরে ঘটতে চলেছে প্রথম ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ (Wild Card Entry)। চ্যানেলের সাম্প্রতিক প্রোমো প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোরদার চর্চা— কে হতে চলেছেন এই নতুন প্রতিযোগী?
সম্প্রচারিত হওয়া নতুন প্রোমোয় দেখা যাচ্ছে, কালো প্যান্ট, নীল টি-শার্ট, চোখে রোদচশমা এবং কাঁধে ব্লেজার ঝুলিয়ে সুঠাম চেহারার এক ব্যক্তি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বিগ বসের ঘরের দিকে হেঁটে যাচ্ছেন। মুখ স্পষ্টভাবে না দেখানো হলেও সেই ঝলক দেখেই দর্শকদের একাংশের অনুমান, ইনি হয়তো অভিনেতা জীতু কমল। সামাজিক মাধ্যমে জীতুর কিছু রহস্যময় পোস্টও এই জল্পনা উসকে দিয়েছিল। তবে প্রোমোর শারীরিক গঠনের সঙ্গে জীতুর মিল খুব একটা খুঁজে পাচ্ছেন না অনেকে।
এরই মাঝে টলিপাড়ার অন্দরে আরও একটি নাম জোরালোভাবে ভেসে উঠেছে— অভিনেতা জয় মুখোপাধ্যায় (Joy Mukherjee)। একসময় ‘চোখের তারা তুই’ ধারাবাহিকের মাধ্যমে বাংলার ঘরে ঘরে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। তাঁর ‘চকোলেট বয়’ লুক এবং ফিটনেস নিয়ে অনুরাগীদের মধ্যে ছিল দারুণ উন্মাদনা। যদিও পরবর্তী সময়ে তাঁর ব্যক্তিগত জীবন ও কেরিয়ারে একাধিক বিতর্ক ছায়া ফেলে।
অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ও বিচ্ছেদ এবং পরবর্তীতে সহ-অভিনেত্রীর সঙ্গে সেটে দুর্ব্যবহারের অভিযোগের কারণে দীর্ঘদিন ছোটপর্দা থেকে দূরে ছিলেন তিনি। তবে সম্প্রতি ‘শ্রী দুর্গা’ ছবিতে খলনায়কের চরিত্রে তাঁর অভিনয় প্রশংসা পেয়েছিল। এবার সব বিতর্ক পেছনে ফেলে ‘বিগ বস বাংলা’-র মঞ্চ দিয়ে কি কামব্যাক করছেন তিনি? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সর্বত্র। যদিও চ্যানেল কর্তৃপক্ষের তরফে নাম এখনও গোপন রাখা হয়েছে, রবিবারের পর্বেই পর্দা উঠবে এই রহস্যের!



