গতকালের ঊর্ধ্ববায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের ওপর একটি নিম্নচাপ এলাকা সৃষ্টি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় এটি আরও শক্তিশালী হয়ে উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের জেরে সপ্তাহেরান্তে প্রবল দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে এবং দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সোমবার পর্যন্ত এই দুর্যোগ চলবে বলে পূর্বাভাস। পাশাপাশি কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: নেপালে মৃত বেড়ে ৬৬৯, নিখোঁজ ২৮৭ জন ভারতীয়!
আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে দক্ষিণবঙ্গে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। এর প্রভাবে মূলত আংশিক মেঘলা আকাশ এবং রবিবার মেঘলা আকাশের সম্ভাবনা বেশি। সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ ও কমলা সতর্কতা জারি রয়েছে। রাজ্যের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে, যা মঙ্গলবার পর্যন্ত বহাল থাকবে। নেপালে সাম্প্রতিক হড়পা বানের ভয়ঙ্কর বিপর্যয়ের পর এ রাজ্যেও পাহাড়ঘেঁষা এলাকায় সেরকম কোনো বিপর্যয় হবে কি না, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা আশঙ্কা তৈরি হলেও, উত্তরবঙ্গে আপাতত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমতে পারে।
শনিবার থেকেই রাজ্যের সাতটি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। রবিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ওইদিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলাতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা বহাল রয়েছে।



