Bihar Viral Video: গাড়ি চুরির ভয়! ক্রেন দিয়ে আস্ত চারচাকা সোজা বাড়ির ছাদে তুললেন বিহারের ব্যক্তি, হতবাক নেটদুনিয়া
PATNA: গাড়ি কিনেছেন, কিন্তু রাখার জন্য নিরাপদ গ্যারাজ নেই। এদিকে বাড়ির বাইরে গাড়ি রাখলে চোরের উপদ্রবের ভয়। সাধের চারচাকাকে চোরদের হাত থেকে সুরক্ষিত রাখতে কী করবেন? বিহারের (Bihar) এক ব্যক্তি এমন এক উপায় বের করেছেন, যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে নেটিজেনদের। চুরির হাত থেকে গাড়ি বাঁচাতে তিনি আস্ত একটি চারচাকাকে ক্রেন দিয়ে তুলে সোজা নিজের বাড়ির ছাদে (Car on roof) রেখে দিলেন!

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই অদ্ভুত ঘটনার একটি ভিডিও ঝড়ের বেগে ভাইরাল (Viral Video) হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি বড় ক্রেনের সাহায্যে অত্যন্ত সাবধানে একটি সাদা রঙের চারচাকা গাড়িকে হাওয়ায় ভাসিয়ে দোতলা বাড়ির ছাদে তোলা হচ্ছে। নিচে দাঁড়িয়ে এই অবাক করা দৃশ্য ক্যামেরাবন্দি করছেন এলাকার বহু মানুষ।
আরও পড়ুন: Viral Video: দুধের ট্রাকে আঁকা গরুর ছবিকে ‘মা’ ভাবল একরত্তি বাছুর! নেটদুনিয়ায় ভাইরাল আবেগপ্রবণ ভিডিও
জানা গিয়েছে, বিহারের ওই ব্যক্তির বাড়িতে গাড়ি রাখার নির্দিষ্ট কোনও জায়গা বা গ্যারাজ ছিল না। রাস্তায় বা বাড়ির সামনে গাড়ি রাখলে চুরি হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা ছিল। তাই চুরির হাত থেকে চিরতরে মুক্তি পেতে তিনি গাড়িটিকে সোজা নিজের বাড়ির ছাদে তুলে রাখার সিদ্ধান্ত নেন।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় হাসির রোল উঠেছে। নেটিজেনরা অবাক হয়েh বিভিন্ন মন্তব্য করছেন। কেউ বলছেন, “বিহারের মানুষের মাথায় যে কত বুদ্ধি, তা এই ভিডিও না দেখলে বিশ্বাস হতো না!” আবার অনেকের মজার প্রশ্ন, “ছাদে তো তুললেন, কিন্তু গাড়িটা চালাবেন কীভাবে? নামানোর সময় তো ফের ক্রেন ডাকতে হবে!” তবে সে যাই হোক, গাড়ি চুরির হাত থেকে বাঁচতে বিহারের এই ব্যক্তির এমন ‘দেশি জুগাড়’ এখন নেটপাড়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে।




