Fake Doctor Case: জাল চিকিৎসক কাণ্ডে কাঠগড়ায় নির্মল মাজি ও সুদীপ্ত রায়! ‘কারবার ফেঁদেছিল’ বলে দায়ের অভিযোগ
KOLKATA: রাজ্যে ফের প্রকাশ্যে এল ভুয়ো চিকিৎসক চক্র (Fake Doctor Case)। আর এবার এই জাল চিকিৎসক কাণ্ডে সরাসরি কাঠগড়ায় উঠলেন চিকিৎসক নেতা নির্মল মাজি (Nirmal Maji) এবং পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায় (Sudipta Roy)। তাঁদের বিরুদ্ধে ভুয়ো চিকিৎসকদের রেজিস্ট্রেশন পাইয়ে দেওয়ার বড়সড় চক্র চালানোর অভিযোগ উঠেছে। এই মর্মে ইতিমধ্যেই বিধাননগর পুলিশ কমিশনারেটে (Bidhannagar Commissionerate) একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন একদল চিকিৎসক।

জানা গিয়েছে, জুলফিকার মন্ডল এবং শেখ সাইদুর হকের মতো বেশ কয়েকজনকে ভুয়ো চিকিৎসক হিসেবে চিহ্নিত করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, এই ভুয়ো চিকিৎসকদের বেআইনিভাবে রেজিস্ট্রেশন দেওয়ার নেপথ্যে মূল কারবার ফেঁদেছিলেন নির্মল মাজি, সুদীপ্ত রায় এবং কাউন্সিলের আরও কয়েকজন শীর্ষ আধিকারিক। এই চক্রের ফলে রোগীদের জীবন চরম ঝুঁকির মুখে পড়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। ঘটনার সত্যতা যাচাই করতে কাউন্সিলের সিসিটিভি ফুটেজ, ভিজিটর রেজিস্টার এবং নথিপত্র খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে।
এই গুরুতর অভিযোগ সামনে আসার পরেই রাজ্য রাজনীতি এবং চিকিৎসক মহলে প্রবল আলোড়ন সৃষ্টি হয়েছে। অভিযোগকারী চিকিৎসকরা অবিলম্বে এফআইআর (FIR) দায়ের করে একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। দোষী প্রমাণিত হলে পদমর্যাদা নির্বিশেষে সবার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আবেদনও করা হয়েছে। পুলিশ এই অভিযোগের ভিত্তিতে ঠিক কী পদক্ষেপ গ্রহণ করে, এখন সেদিকেই নজর ওয়াকিবহাল মহলের।




