Farakka Landslide: ফরাক্কায় ধসে চরম দুর্ভোগ! আটকে পড়া রেলযাত্রীদের গন্তব্যে পৌঁছতে বিনামূল্যে ২০টি বাস পাঠাল রাজ্য সরকার
KOLKATA: ফরাক্কায় রেললাইনে ধসের কারণে কার্যত বিচ্ছিন্ন উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ। বাতিল হয়েছে উত্তরবঙ্গগামী একগুচ্ছ দূরপাল্লার ট্রেন। এই পরিস্থিতিতে চরম দুর্ভোগে পড়েছেন মালদহ ও মুর্শিদাবাদ ডিভিশনে মাঝপথে আটকে পড়া হাজার হাজার রেলযাত্রী। বিপদে পড়া এই যাত্রীদের সাহায্যে এবার এগিয়ে এল রাজ্য সরকার। আটকে পড়া যাত্রীদের নিজেদের গন্তব্যে নিরাপদে পৌঁছে দিতে প্রশাসনের তরফে ২০টি সরকারি বাসের ব্যবস্থা করা হয়েছে। সবচেয়ে বড় কথা, এই বাস পরিষেবার জন্য যাত্রীদের কাছ থেকে কোনও অতিরিক্ত ভাড়া নেওয়া হবে না। সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনের বিকল্প হিসেবে সরকারি বাসেই নিজেদের গন্তব্যে পৌঁছতে পারবেন যাত্রীরা।
জানা গিয়েছে, মেরামতির কাজ চলাকালীন নিউ ফরাক্কা রেল স্টেশনের কাছে নতুন করে ধস নামায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। ধসের জেরে রেললাইনের ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ওভারহেড বৈদ্যুতিক খুঁটিও বেঁকে যায়। ফলে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়েও রেল পরিষেবা দ্রুত স্বাভাবিক করা সম্ভব হয়নি। দীর্ঘক্ষণ আটকে থাকার কারণে ট্রেনে থাকা যাত্রীদের চরম ভোগান্তি শুরু হয়। খবর পেয়েই যাত্রীদের জন্য দ্রুত পর্যাপ্ত পানীয় জল ও খাবারের ব্যবস্থা করে রাজ্য প্রশাসন। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে প্রশাসনের তরফে বিকল্প পরিবহণের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আটকে পড়া যাত্রীরা।
আরও পড়ুন: Viral Video: দুধের ট্রাকে আঁকা গরুর ছবিকে ‘মা’ ভাবল একরত্তি বাছুর! নেটদুনিয়ায় ভাইরাল আবেগপ্রবণ ভিডিও
অন্যদিকে, রেল পরিষেবা ব্যাহত হওয়ার কারণে শিলিগুড়ি-কলকাতা রুটে বাসের চাহিদা একধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। সুযোগ বুঝে যাতে বেসরকারি বাসগুলি অতিরিক্ত ভাড়া হাঁকাতে না পারে, সেই কারণে ওই রুটে অতিরিক্ত ২৩টি সরকারি বাস নামানো হয়েছে। শিলি6গুড়ি থেকে কলকাতার দিকেও চলবে ১৮টি বাস। এছাড়াও দুর্গাপুর-বালুরঘাট রুটে ২টি এবং মালদহ-কলকাতা রুটে ৫টি বিশেষ বাস পরিষেবা চালু করা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে কলকাতার এসপ্ল্যানেড বাস টার্মিনাস থেকে শিলিগুড়ির এনজিপি পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত প্রতি ঘণ্টায় বিশেষ বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আনন্দবাজার পত্রিকা মারফত এই খবরটি সামনে এসেছে।



