‘মমতাদি বলার পরে ঘুম ভাঙল’! ফুটপাতবাসীকে মুখ্যমন্ত্রীর আশ্বাস নিয়ে শুভেন্দুকে তীব্র কটাক্ষ কুণাল ঘোষের

Published:

পার্ক স্ট্রিটের ফুটপাতবাসীকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শাসক ও বিরোধীদের চাপানউতোর ক্রমশ তীব্র হচ্ছে। শনিবার ফুটপাতে শিশুর জন্য দুধ গরম করতে গিয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছে ধমক খেয়েছিলেন সীতাদেবী নামের এক মহিলা। সোমবার সেই ঘটনার কড়া নিন্দা করে অসহায় পরিবারটির দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এর ঠিক চব্বিশ ঘণ্টার মধ্যেই মঙ্গলবার বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবারে’ হাজির করানো হয় ওই মহিলাকে। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে এবার তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা বিধায়ক কুণাল ঘোষ। তাঁর মোক্ষম খোঁচা, “মমতাদি বলার পরেই ঘুম ভাঙল সরকারের!”

শনিবারের ওই ঘটনার পর থেকেই বিজেপি সরকারের মন্ত্রীর আচরণের নিন্দার ঝড় ওঠে সর্বত্র। সোমবার ফেসবুক লাইভে এসে রাজ্যের পুরমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তোলেন, “এ কোন বাংলা? এ কোন সরকার, যাদের কোনও মানবিক মুখ নেই?” এরপরই তিনি আশ্বাস দেন যে তৃণমূলের তরফ থেকে ওই অসহায় পরিবারটির সমস্ত দায়িত্ব নেওয়া হবে। তিনি বলেন, “এই পরিবারটির দায়িত্ব নিতে রাজি আছি। আমি বা আমার কোনও সহকর্মীর বাড়িতে ওদের বাসস্থান, শিশুদের পড়াশোনার ব্যবস্থা ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেব।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার ঠিক চব্বিশ ঘণ্টার মধ্যেই মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবারে’ পুলিশ দিয়ে ওই মহিলাকে নিয়ে আসা হয়। সেখানে মুখ্যমন্ত্রী তাঁকে আশ্বাস দেন যে, কলকাতা কর্পোরেশনকে (KMC) বলে তাঁর বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে যাতে তাঁকে আর রাস্তায় থাকতে না হয়।

মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপের পরেই মঙ্গলবার বিধানসভা থেকে সাংবাদিক বৈঠক করে সরব হন কুণাল ঘোষ। তিনি প্রশ্ন তোলেন, “শনিবার ঘটনা ঘটার পর কেন এই সিদ্ধান্তের কথা জানালেন না মুখ্যমন্ত্রী? শনি, রবি পেরিয়ে সোমবার যখন মমতা বন্দ্যোপাধ্যায় ওই পরিবারের দায়িত্ব নেওয়ার কথা জানালেন, তার পর মঙ্গলবার তাঁদের পুলিশ দিয়ে মুখ্যমন্ত্রীর দরবারে নিয়ে যাওয়া হল!” এই ঘটনাকে হাতিয়ার করে কুণাল ঘোষ দাবি করেন, মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ প্রমাণ করে দিল যে সেদিন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সম্পূর্ণ ভুল করেছিলেন। মমতার চাপেই যে মুখ্যমন্ত্রীকে তড়িঘড়ি এই সিদ্ধান্ত নিতে হলো, তা স্পষ্ট করে দেন তৃণমূল বিধায়ক।

 

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img