Hooghly BJP MLA: হুগলিতে দুই বিজেপি বিধায়কের আপ্তসহায়কের বিরুদ্ধে গুন্ডাগিরি ও তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির
HOOGHLY: হুগলি জেলায় দুই বিজেপি বিধায়কের আপ্তসহায়কের বিরুদ্ধে গুন্ডাগিরি এবং তোলাবাজির মারাত্মক অভিযোগ সামনে এল। একটি ঘটনায় কলকাতার পানশালায় ঢুকে পুলিশের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে উত্তরপাড়ার বিজেপি বিধায়কের আপ্তসহায়কের বিরুদ্ধে। অন্যদিকে, তারকেশ্বরের বিজেপি বিধায়কের আপ্তসহায়কের বিরুদ্ধে এক ব্যবসায়ীর কাছ থেকে ২০ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, গত ২৩ অগস্ট গভীর রাতে পার্ক স্ট্রিট থানা এলাকার একটি পানশালায় উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তীর আপ্তসহায়ক আকাশ রায় তাঁর দলবল নিয়ে মত্ত অবস্থায় তাণ্ডব চালান। পানশালার কর্মীদের মারধরের পাশাপাশি কর্তব্যরত পুলিশকর্মীদের ধাক্কা দেওয়া এবং উর্দি ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে আকাশের বিরুদ্ধে। পুলিশ তাঁদের গ্রেফতার করলেও বর্তমানে তাঁরা জামিনে মুক্ত। আকাশ রায়ের প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হয়েছিলো কিন্তু কোনো প্রতিক্রিয়া উনি দিতে চাননি! অবশ্য পরবর্তী ক্ষেত্রে তিনি তার ফেসবুক পোস্ট থেকে জানান যে এটি মূলত দলীয় কোন্দলেই তাকে ফাঁসানোর চেষ্টা চলছে। সর্বোপরি যেটা উনি বলেছেন সব মানুষের যেমন নিজের কর্ম জীবন আছে, তেমনই নিজস্ব আওতায় জীবনযাপন করার অধিকারও আছে। তিনি আরও দাবি করেন সেই দিন দল বা বিধায়কের নাম ভাঁড়িয়ে তিনি কিছু করেননি। আদালতের রায় কি হয় তার অপেক্ষায় তিনি আছেন।

অন্যদিকে, তারকেশ্বরের বিজেপি বিধায়ক সন্তু পানের আপ্তসহায়ক সুশোভন রায়ের বিরুদ্ধে এক চানাচুর কারখানার মালিকের কাছ থেকে ২০ লক্ষ টাকা তোলা চাওয়ার অডিও ভাইরাল হয়েছে। গত জুন মাসে ওই কারখানায় সুশোভন রায়ের উপস্থিতির সিসিটিভি ফুটেজও সামনে এসেছে। আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি সহ-সভাপতি গণেশ চক্রবর্তী জানিয়েছেন, “কারখানার মালিক আমাকে ফোন করে জানান যে বিধায়কের আপ্তসহায়ক ২০ লক্ষ টাকা চেয়েছিলেন। টাকা না দেওয়ায় কারখানায় ফুড সেফটির রেড করিয়ে তা বন্ধ করে দেওয়া হয়েছে। আমি তাঁকে পুলিশের কাছে অভিযোগ জানাতে বলেছি।”
আরও পড়ুন: Bigg Boss Bangla: ভরতকে সরিয়ে বিগ বসের নতুন ক্যাপ্টেন সোহিনী পাল, ‘ভিখিরি’ কটাক্ষ রাজবীর-নন্দিনীর
যদিও তোলা চাওয়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিধায়ক সন্তু পান। তাঁর দাবি, “ফুড সেফটির রেড চলাকালীন কারখানার মালিক আধিকারিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং মুখ্যমন্ত্রী সম্পর্কে খারাপ কথা বলেন। আমি তার প্রতিবাদ করায় এখন মিথ্যে অভিযোগ করা হচ্ছে। যিনি অভিযোগ করছেন তিনি তৃণমূলের হয়ে প্রচার করেছিলেন।”

উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের মন্ত্রী অজয় পোদ্দারের ছেলের বিরুদ্ধে কয়লা মাফিয়াদের সঙ্গে যোগসাজশ এবং নিমতার এক বিজেপি নেতার বিরুদ্ধেও তোলাবাজির অভিযোগ উঠেছিল। পর পর এমন ঘটনায় চরম অস্বস্তিতে রাজনৈতিক মহল।




