মেটার বড় সিদ্ধান্ত! রাতভর বন্ধ থাকবে ফেসবুক-ইনস্টাগ্রাম, টিনএজারদের জন্য দিনে মাত্র ২ ঘণ্টার ছাড়

Published:

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক এবং ইনস্টাগ্রামের নিয়মে এবার আসতে চলেছে এক যুগান্তকারী বদল। বিশেষ করে কিশোর-কিশোরী বা ১৮ বছরের কম বয়সীদের জন্য এবার কড়া পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে মার্ক জুকারবার্গের সংস্থা মেটা (Meta)। জানা গিয়েছে, খুব শীঘ্রই রাতভর বন্ধ থাকতে পারে ফেসবুক এবং ইনস্টাগ্রাম। একইসঙ্গে দিনের বেলাতেও ব্যবহারের ক্ষেত্রে আসতে পারে বড়সড় নিয়ন্ত্রণ, যেখানে মাত্র ২ ঘণ্টার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের সুযোগ পাবে টিনএজাররা।

ক্যালিফোর্নিয়ার একটি আদালতে চলা দীর্ঘ আইনি লড়াইয়ের পর মেটা একটি বড়সড় চুক্তিতে সম্মতি জানিয়েছে। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বোন্টার অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই চুক্তির আওতায় মেটাকে ১৪ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১.১৫ লক্ষ কোটি টাকা) জরিমানা দিতে হবে এবং শিশুদের সুরক্ষার্থে বেশ কিছু নতুন নিয়ম মেনে চলতে হবে। এই নিয়মগুলি মূলত ১৮ বছরের কম বয়সীদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে, যাতে তারা স্মার্টফোন বা সোশ্যাল মিডিয়ার আসক্তি থেকে বেরিয়ে আসতে পারে। তবে এই নতুন নিয়ম কবে থেকে কার্যকর হবে, সেই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো ঘোষণা করেনি সংস্থা।

উল্লেখ্য, ক্যালিফোর্নিয়ার আদালতে মেটার বিরুদ্ধে চলা এই মামলায় আমেরিকার আরও ২৮টি আদালতের অভিযোগ যুক্ত ছিল। মেটার বিরুদ্ধে সবথেকে বড় অভিযোগ ছিল, তারা জেনেশুনে এমন কিছু আকর্ষণীয় ফিচার নিজেদের প্ল্যাটফর্মে যুক্ত করেছে, যা কমবয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের তীব্র আসক্তি তৈরি করছে। এর ফলে একদিকে যেমন পড়াশোনার ক্ষতি হচ্ছে, অন্যদিকে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে শিশু ও কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যের ওপর। অবশেষে বিপুল অঙ্কের জরিমানা এবং কড়া নিয়ম চালুর শর্তে এই আইনি লড়াইয়ের অবসান ঘটতে চলেছে বলে মনে করা হচ্ছে।

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img