ফুটপাতে শিশুর জন্য দুধ গরম করায় সম্প্রতি রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছে ধমক খেয়েছিলেন এক মহিলা। সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই তীব্র বিতর্কের সৃষ্টি হয়। এবার সন্তানকে কোলে নিয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবারে’ পৌঁছলেন ফুটপাত নিবাসী সেই মহিলা, যাঁর নাম সীতাদেবী। সেখানে তাঁর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন মুখ্যমন্ত্রী। এরপরই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন শুভেন্দু।
মুখ্যমন্ত্রী জানান, ওই মহিলা তাঁর এবং বর্তমান বিজেপি সরকারের উপরই সম্পূর্ণ ভরসা রাখছেন। ‘জনতার দরবারে’ কী কথা হল, সে বিষয়ে সাংবাদিকদের শুভেন্দু অধিকারী বলেন, “উনি বলেছেন, মুখ্যমন্ত্রীকেই ভরসা করেন। ১৫ বছর মমতা কোনও খোঁজ নেয়নি। আর এখন মমতা বন্দ্যোপাধ্যায় লোক পাঠাচ্ছে, বলছে টাকা নাও, আর বিজেপির বিরুদ্ধে কথা বলো। কিন্তু উনি আমাকে স্পষ্ট জানালেন যে তাঁর ভরসা মুখ্যমন্ত্রী এবং বিজেপির উপর।” মুখ্যমন্ত্রী এদিন ওই মহিলাকে আশ্বাস দিয়ে জানিয়েছেন যে, কর্পোরেশনকে বলে তাঁর থাকার একটা স্থায়ী ব্যবস্থা করে দেওয়া হবে, যাতে তাঁকে আর রাস্তায় থাকতে না হয়।
প্রসঙ্গত, পার্কস্ট্রিটের ফুটপাত জবরদখল মুক্ত করতে গিয়ে অগ্নিমিত্রা পালের ওই ধমক দেওয়ার ভিডিও সামনে আসতেই সমালোচনায় সরব হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, “দরিদ্র মানুষকে ঘৃণা করবেন না। মা দুধ ফোটাচ্ছে বাচ্চার জন্য। দুধটা ফেলে দিতে গায়ে লাগে না আপনাদের? আমি পরিবারটির দায়িত্ব নিতে রাজি আছি।” মমতার সেই মন্তব্যের কড়া জবাব দিতে গিয়েই এদিন বাম ও তৃণমূল উভয়কেই একহাত নেন শুভেন্দু অধিকারী।
সমালোচকদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আরে উনি তো কারও বিরুদ্ধে অভিযোগ করেননি। যাঁরা এখন এসব নিয়ে কবিতা বা ছড়া লিখছেন, সেই বামপন্থীদের বলব, ৩৪ বছর তো আপনারা এই সব মানুষের খোঁজ নেননি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ও ১৫ বছর ছিলেন। দেখলেন তো, সীতাদেবী এখানে এসে নিজেই বলছেন যে তিনি মুখ্যমন্ত্রীকে ভরসা করেন, মমতার চক্করে নেই।” ফুটপাতবাসীর পুনর্বাসন এবং রাজনৈতিক এই তীব্র তরজা নিয়ে রাজ্য রাজনীতি এখন রীতিমতো সরগরম। এই বিষয়ে আপনার কী মতামত? কমেন্ট করে জানান।



