Suvendu Adhikari: নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপি রেকর্ড ভোটে জিতবে! হাসিরানি রথের মনোনয়ন জমা দিয়ে বড় দাবি মুখ্যমন্ত্রীর
HALDIA: আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম (Nandigram) বিধানসভা কেন্দ্রে হাইভোল্টেজ উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আর এই উপনির্বাচনে বিজেপি (BJP) প্রার্থী তথা নিহত আপ্তসহায়কের মা হাসিরানি রথ রেকর্ড ব্যবধানে জয়ী হবেন বলে আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার হলদিয়ায় এসডিও অফিসে দলীয় প্রার্থী হাসিরানির মনোনয়ন জমা দেওয়ার সময় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে নিজেই উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী।

মনোনয়ন জমা দেওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান যে, উপনির্বাচনে নন্দীগ্রামের মানুষ ফের একবার বিজেপিকেই আশীর্বাদ করবে। তিনি দাবি করেন, এই উপনির্বাচনে বিজেপি এতটাই বড় ব্যবধানে জিতবে যা কেউ কল্পনাও করতে পারেনি। তাঁর মতে, অন্তত ৫০,০০০ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হবেন হাসিরানি রথ। তিনি আরও বলেন, “আমি নির্বাচন করাতে জানি। নন্দীগ্রামের মানুষের কাছে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি পূরণ করার দায়িত্ব আমার।” একইসঙ্গে সংখ্যালঘুদের উদ্দেশ্যেও তিনি বার্তা দেন যে, তাঁরা রাজ্য সরকারের পাশে থাকতে চান কি না তা ঠিক করার সময় এসেছে।
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে জয়ী হলেও ভবানীপুর আসনটি ধরে রেখে এই কেন্দ্রটি ছেড়ে দেন শুভেন্দু অধিকারী। এরপর তাঁরই আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে নৃশংসভাবে খুন করা হয়। এই উপনির্বাচনে সেই চন্দ্রনাথ রথের মা হাসিরানি দেবীকেই প্রার্থী করেছে বিজেপি। উপনির্বাচনের দামামা বাজার পর মুখ্যমন্ত্রীর এই রেকর্ড জয়ের দাবি ঘাসফুল শিবিরের চাপ কতটা বাড়াল, এখন সেটাই দেখার।




