Messi Ronaldo: ফুটবল বিশ্বে বিরাট চমক! কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচে একই দলে খেলবেন মেসি ও রোনাল্ডো?
KOLKATA: ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ও লিওনেল মেসিকে (Lionel Messi) এবার দেখা যেতে পারে একই দলের জার্সিতে। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে তাঁরা একে অপরের প্রবল প্রতিদ্বন্দ্বী হিসেবেই পরিচিত। ক্লাব ও জাতীয় দলের হয়ে মোট ৩৭ বার একে অপরের মুখোমুখি হয়েছেন এই দুই মহাতারকা। তবে এবার প্রতিপক্ষ হিসেবে নয়, সতীর্থ হিসেবে একই মাঠে নামতে পারেন মেসি ও রোনাল্ডো। আর এই অসম্ভবকে সম্ভব করতে চলেছেন প্রাক্তন আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজ (Carlos Tevez)।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি’ (TyC Sports)-এর প্রতিবেদন অনুযায়ী, নিজের দীর্ঘ ফুটবল কেরিয়ারের আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছেন তেভেজ। ২০২১ সালে বোকা জুনিয়র্সের হয়ে শেষবার মাঠে নেমে পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছিলেন তিনি। এবার বুয়েনোস আইরেসের ঐতিহাসিক বোম্বোনেরা স্টেডিয়ামে নিজের বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছেন ৪২ বছর বয়সী এই সাবেক স্ট্রাইকার। ৫৭ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়াম ব্যবহারের অনুমতি তিনি ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন এবং সম্ভাব্য সময় হিসেবে চলতি বছরের ডিসেম্বর মাসকে বিবেচনা করা হচ্ছে।
তেভেজের পরিকল্পনা অনুযায়ী, তাঁর ফুটবল কেরিয়ারের বিভিন্ন পর্যায়ের প্রায় ৬০ জন অতিথিকে এই ম্যাচে আমন্ত্রণ জানানো হতে পারে। সেই আমন্ত্রিতদের তালিকাতেই জ্বলজ্বল করছে মেসি ও রোনাল্ডোর নাম। প্রস্তাবিত ফরম্যাট অনুযায়ী, একটি দল গঠিত হবে তেভেজের ঘনিষ্ঠ বন্ধু ও জাতীয় দলের সতীর্থদের নিয়ে এবং অন্য দলে থাকবেন তাঁর দীর্ঘ কেরিয়ারে বিভিন্ন ক্লাবের প্রাক্তন সতীর্থরা।
আর্জেন্টিনা জাতীয় দলে মেসির সঙ্গে দীর্ঘ সময় একই ড্রেসিংরুম শেয়ার করেছেন তেভেজ। অন্যদিকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে রোনাল্ডোর সঙ্গেও চুটিয়ে খেলেছেন তিনি। তেভেজের বিদায়ী ম্যাচের এই পরিকল্পনা বাস্তব রূপ পেলে ফুটবলপ্রেমীরা এক বিরল দৃশ্যের সাক্ষী হতে চলেছেন। ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো একই একাদশে, একই জার্সিতে দেখা যেতে পারে শতাব্দীর সেরা দুই ফুটবলারকে।



