Camac Street TMC Office: আদালতের রায়েও মিলল না স্বস্তি! দমকলের নোটিসে ক্যামাক স্ট্রিটে তৃণমূলের অফিস ব্যবহার নিয়ে চরম জটিলতা
KOLKATA: ক্যামাক স্ট্রিটে (Camac Street) তৃণমূলের পার্টি অফিস খালি করার নোটিসে কলকাতার সিটি সিভিল কোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেও স্বস্তি মিলল না শাসকদলের। কারণ, ওই একই জায়গা ব্যবহার নিয়ে এবার বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে দমকলের একটি কড়া নোটিস। আইনি মহলের মতে, আদালতের ‘স্থিতাবস্থা’ বজায় রাখার নির্দেশ থাকলেও অগ্নিনিরাপত্তা সংক্রান্ত নিষেধাজ্ঞার কারণে আপাতত ওই কার্যালয় ব্যবহার করা অত্যন্ত কঠিন।
জানা গিয়েছে, গত ২৫ আগস্ট ৯, ক্যামাক স্ট্রিটের সপ্তম ও অষ্টম তলায় থাকা তৃণমূলের কার্যালয়টি ২৪ ঘণ্টার মধ্যে খালি করার জন্য নোটিস দেন সম্পত্তির মালিক রামা দেবী গোয়েঙ্কা। এই উচ্ছেদ নোটিসের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস (TMC)। শনিবার বিচারক সুধীর কুমারের এজলাসে এই মামলার শুনানিতে সিটি সিভিল কোর্ট ওই নোটিসের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় এবং আগামী ১ অক্টোবরের মধ্যে উভয় পক্ষকে লিখিত বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দেয়।
সম্পত্তির মালিকের তরফে তৃণমূলের (AITC) এই মামলার গ্রহণযোগ্যতা নিয়েই আদালতে প্রশ্ন তোলা হয়। তাঁর আইনজীবীর দাবি, ওই কার্যালয়ের লিজ চুক্তি হয়েছিল ‘পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেস’-এর সঙ্গে। তাই মূল দল অর্থাৎ ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’-এর এই মামলা করার কোনও আইনি অধিকার নেই। যদিও প্রাথমিক নথি বিবেচনা করে আদালত তৃণমূলকে সাময়িক সুরক্ষা দিয়েছে।
কিন্তু এই আইনি লড়াইয়ের মাঝেই পরিস্থিতি আরও জটিল করেছে দমকল দপ্তরের নির্দেশ। দমকল জানিয়েছে, পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ ও অগ্নিনিরাপত্তার অভাবে ভবনের ওই সংশ্লিষ্ট অংশটি বিপজ্জনক অবস্থায় রয়েছে। সেখানে মানুষের নিয়মিত যাতায়াত বড়সড় দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে। তাই অবিলম্বে ওই অংশ খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন করে অগ্নিনিরাপত্তার শংসাপত্র না পাওয়া পর্যন্ত জায়গাটি ব্যবহার করা যাবে না বলেও স্পষ্ট জানানো হয়েছে। ফলে উচ্ছেদ নোটিসে আদালত স্থগিতাদেশ দিলেও দমকলের নির্দেশ বহাল থাকায় ক্যামাক স্ট্রিটের কার্যালয়টির ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা থেকেই গেল।



