Kunal Ghosh: অবিলম্বে রাজ্যের প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে গ্রেফতার এবং তাঁর যাবতীয় সম্পত্তি ক্রোক করার দাবি জানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র তথা বিধায়ক কুণাল ঘোষ!
KOLKATA: রবিবার নিজের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে এই দাবিকে আরও জোরালো করেন তিনি। সিংটি কৃষি সমবায় সমিতি থেকে প্রভাব খাটিয়ে অকৃষক হিসেবে কোটি টাকার কাছাকাছি বেআইনি ঋণ নেওয়ার অভিযোগে প্রাক্তন মন্ত্রীর বাড়িতে অবিলম্বে তল্লাশি চালানোরও দাবি তোলেন কুণাল।
এর আগে একটি টেলিভিশন চ্যানেলের বিতর্কিত অনুষ্ঠানে বিষয়টি নিয়ে প্রথম প্রশ্ন তুলেছিলেন কুণাল ঘোষ। রবিবার সাংবাদিক বৈঠকে তিনি সরাসরি অভিযোগ করেন, “সিংটি কৃষি সমবায় সমিতি থেকে অকৃষক কারও ঋণ পাওয়ার কথা নয়। সেখানে আমাদের কাছে নির্দিষ্ট অভিযোগ রয়েছে যে স্নেহাশিস চক্রবর্তী নিজের পদাধিকারের প্রভাব খাটিয়ে ৮৫ লক্ষ টাকা নিয়েছেন এবং তাঁর এক ঘনিষ্ঠ আত্মীয়ের নামে আরও ১০ লক্ষ টাকা ওই সমবায় থেকেই ঢুকেছিল।” কুণালের দাবি, এই বিপুল অঙ্কের টাকা নেওয়ার কথা আগেই সর্বসমক্ষে স্বীকার করে নিয়েছেন স্নেহাশিস।
কুণাল ঘোষ আরও অভিযোগ তোলেন যে, ওই সমবায় সমিতির ম্যানেজার স্বপন পাত্র ইতিমধ্যেই অনৈতিক কাজের অভিযোগে গ্রেফতার হয়েছেন। এই অবস্থায় দলবদলের আবহে নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন প্রাক্তন মন্ত্রী। কুণালের প্রশ্ন, “যদি স্নেহাশিস চক্রবর্তী টাকা ফেরত দিয়ে থাকেন, তবে তা কীভাবে দেওয়া হয়েছে? কোনও স্থানীয় নেতা গিয়ে টাকা জমা দিয়েছিলেন কি? সেই টাকা চেক বা ব্যাঙ্ক ট্রান্সফারে হয়েছিল, নাকি নগদে? যদি নগদে টাকা দেওয়া হয়ে থাকে, তবে সেই নগদ টাকার উৎস কী?”
প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানিয়ে কুণাল স্পষ্ট বলেন, রাজ্য সরকার যদি মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে থাকে, তবে নাটক না করে অবিলম্বে প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে গ্রেফতার করা উচিত। পাশাপাশি তাঁর সমস্ত সম্পত্তি ক্রোক বা অ্যাটাচ করে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া প্রয়োজন।



