Bageshwar Baba Controversy: ‘বাঙালি মাছ-মাংস খাবেই!’ বাগীশ্বর বাবার ‘আমিষ’ ফতোয়া উড়িয়ে কড়া জবাব বিজেপি নেতা দেবজিৎ সরকারের
KOLKATA: দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে মধ্যপ্রদেশের স্বঘোষিত ধর্মগুরু ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী ওরফে বাগীশ্বর বাবার (Bageshwar Baba) বিতর্কিত মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল অব্যাহত। এবার এই ফতোয়ার কড়া জবাব দিলেন বঙ্গ বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার (Debjit Sarkar)। নিজের এক্স (X) হ্যান্ডেলে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, বাঙালি মাছ-মাংস খাবেই এবং কে কী খাবে তা ঠিক করে দেওয়ার অধিকার কারও নেই।
সম্প্রতি হাওড়ায় এসে বাগীশ্বর বাবা মন্তব্য করেছিলেন যে, দুর্গাপুজোর সময় যেন মণ্ডপের আশেপাশে আমিষ খাবার বিক্রি না হয় এবং যাঁরা এই সময়ে আমিষ খান, তাঁদের বয়কট করা উচিত। তাঁর এই মন্তব্যের পরই বিতর্কের ঝড় ওঠে। সেই প্রেক্ষিতেই সরব হন দেবজিৎ।
এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “নিরামিষ খাওয়ার পরামর্শ দেওয়ায় কোনও ভুল নেই। সবার নিজস্ব পছন্দ এবং বিশ্বাস বেছে নেওয়ার অধিকার রয়েছে। কিন্তু একজন মানুষ নিজের বাড়িতে কী খাবেন বা কীভাবে জীবন কাটাবেন, তা নির্দেশ দেওয়ার অধিকার কারও নেই। বাঙালি মাছ-মাংস খাবেই।”

এরপর স্বামী বিবেকানন্দ এবং মা কালীর পুজোর ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “খোদ স্বামী বিবেকানন্দ এমন এক ঐতিহ্যের কথা বলে গিয়েছেন, যেখানে মাছ-মাংস খাওয়াকে লজ্জার চোখে দেখা হতো না। তাহলে বাঙালির খাদ্যাভ্যাস নির্ধারণ করার অধিকার কার আছে? মা কালীর পুজোয় পশু বলির যে আবহমানকালের ঐতিহ্য রয়েছে, তাকেও সম্মান জানাতে হবে। খাদ্যের স্বাধীনতা, বিশ্বাসের স্বাধীনতা এবং বাংলার ঐতিহ্যের প্রতি সম্মান— এই সবকিছুকেই একসঙ্গে নিয়ে চলতে হবে।”
এর আগে বিজেপির বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ এবং শমীক ভট্টাচার্যও বাগীশ্বর বাবার মন্তব্যের বিরোধিতা করেছিলেন। এবার দেবজিৎ সরকারের এই স্পষ্ট বার্তায় এটা পরিষ্কার যে, ভিনরাজ্যের ধর্মগুরুর ফতোয়াকে বাংলার সংস্কৃতিতে চাপিয়ে দেওয়াটা রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বও ভালোভাবে নিচ্ছেন না।




