বিগত সরকারের আমলে বিপুল সংখ্যক রেশন কার্ড নিয়ে বিস্তর অভিযোগ সামনে এসেছিল। সেই সময়ে যাচাই প্রক্রিয়ার মাধ্যমে প্রায় সাড়ে তিন লক্ষ রেশন কার্ড বাতিল করা হয়। এরপর ক্ষমতার পালাবদল ঘটলে সাময়িকভাবে বেশ কিছু রেশন কার্ড ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সাধারণ মানুষের হয়রানির কথা মাথায় রেখে এবং পরিস্থিতি বিবেচনা করে কয়েক সপ্তাহের মধ্যেই সেই ব্লক করা রেশন কার্ডগুলির মধ্যে বেশ কিছু ফের চালু করে দেওয়া হয়।
তবে এবার আর কোনও রকম ছাড় দিতে নারাজ প্রশাসন। খাদ্য সরবরাহ ও রেশন বন্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এবার শুধুমাত্র কার্ড ব্লক করেই থেমে থাকবে না সরকার। এর পরিবর্তে শুরু হতে চলেছে কড়া ভেরিফিকেশন প্রক্রিয়া। যাঁদের রেশন কার্ড রয়েছে, তাঁদের সমস্ত নথিপত্র নতুন করে খুঁটিয়ে যাচাই করা হবে। এই যাচাই প্রক্রিয়ায় যাঁরা ‘অযোগ্য’ বা ভুয়ো বলে বিবেচিত হবেন, তাঁদের রেশন কার্ড সরাসরি বাতিল করে দেওয়া হবে।
জানা গিয়েছে, ইতিমধ্যেই এমন প্রায় ১২ হাজার নাম চিহ্নিত করা হয়েছে। প্রকৃত উপভোক্তারা যাতে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন এবং অযোগ্য ব্যক্তিরা যাতে অবৈধভাবে রেশন সামগ্রী তুলতে না পারেন, তা নিশ্চিত করতেই এই কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। খুব শীঘ্রই সরকারিভাবে ব্লক স্তরে এই নথিপত্র যাচাই এবং কার্ড বাতিলের প্রক্রিয়া পুরোদমে শুরু হতে চলেছে বলে প্রশাসনিক সূত্রে খবর।



