CM Suvendu Adhikari: বন্ধ মোবাইল কেনার টাকা, পড়ুয়াদের ১০ হাজার টাকার অনুদান প্রকল্প বাতিল করলেন মুখ্যমন্ত্রী

Published:

CM Suvendu Adhikari: বন্ধ মোবাইল কেনার টাকা, পড়ুয়াদের ১০ হাজার টাকার অনুদান প্রকল্প বাতিল করলেন মুখ্যমন্ত্রী

KOLKATA: রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের স্মার্টফোন বা ট্যাবলেট কেনার জন্য এককালীন ১০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান প্রকল্প পাকাপাকিভাবে বন্ধ করার ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পূর্বতন তৃণমূল সরকারের আমলে চালু হওয়া ‘তরুণের স্বপ্ন’ নামের এই প্রকল্প নতুন সরকারের জমানায় আর কার্যকর রাখা হবে না। তবে সরাসরি টাকা দেওয়ার বদলে স্কুলশিক্ষার সামগ্রিক পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকার বিপুল অর্থ বরাদ্দ করতে প্রস্তুত বলেও তিনি আশ্বাস দিয়েছেন।

Advertisement

মুখ্যমন্ত্রী সাফ জানান, সরকার শিক্ষার মানোন্নয়নে প্রযুক্তির ব্যবহার বা পরিকাঠামোর আধুনিকীকরণে কোনও কার্পণ্য করবে না। তবে পড়ুয়াদের ব্যক্তিগতভাবে মোবাইল ফোন কেনার জন্য সরাসরি টাকা দেওয়ার রীতি আর রাখা হবে না। তাঁর কথায়, ‘আমরা আরও বেশি টাকা খরচ করে পড়ুয়াদের আধুনিক পরিকাঠামো দিতে প্রস্তুত। কিন্তু মোবাইল ফোন দেব না।’ শ্রেণিকক্ষে কম্পিউটার ল্যাব, স্মার্ট ক্লাসরুম এবং উন্নত শিক্ষা উপকরণের পেছনে রাজ্য সরকার জোর দেবে, যাতে প্রতিটি শিক্ষার্থী সমষ্টিগতভাবে সেই প্রযুক্তির সুফল পেতে পারে।

আরও পড়ুন: Hooghly BJP MLA: হুগলিতে দুই বিজেপি বিধায়কের আপ্তসহায়কের বিরুদ্ধে গুন্ডাগিরি ও তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির 

পাশাপাশি, স্কুলপড়ুয়াদের দৈনন্দিন জীবনে মোবাইলের অতিরিক্ত ব্যবহারের বিরুদ্ধেও কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী। স্কুলে ছাত্রছাত্রীদের মোবাইল ফোন থেকে যতটা সম্ভব দূরে রাখার পক্ষে সওয়াল করে তিনি ‘গুজরাত মডেল’-এর উদাহরণ তুলে ধরেন। তিনি জানান, গুজরাতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুলে পড়ুয়াদের মোবাইল ফোন নিয়ে আসার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। মোবাইল আসক্তি ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য ও মেধার ক্ষতি করছে উল্লেখ করে, রাজনৈতিকভাবে কঠিন হলেও বৃহত্তর স্বার্থে এই কঠোর পদক্ষেপ অত্যন্ত জরুরি বলে দাবি করেন তিনি।

Ad

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img