Imran Khan: ‘এটা রাজনীতি নয়, মানবিকতা’, কারাবন্দি ইমরান খানের সুচিকিৎসার দাবিতে এবার সোচ্চার ব্রায়ান লারা
ISLAMABAD: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের (Imran Khan) সুচিকিৎসা ও মানবিক মর্যাদার দাবিতে এবার সোচ্চার হলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা (Brian Lara)। দীর্ঘ সময় ধরে পাকিস্তানের আদিয়ালা জেলে বন্দি রয়েছেন এই কিংবদন্তি ক্রিকেটার। তাঁর স্বাস্থ্য এবং চিকিৎসা নিয়ে আন্তর্জাতিক স্তরে উদ্বেগ ক্রমেই বাড়ছে। এবার সেই উদ্বেগের সুর শোনা গেল ক্যারিবিয়ান কিংবদন্তির গলাতেও।
আরও পড়ুন: Messi Ronaldo: ফুটবল বিশ্বে বিরাট চমক! কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচে একই দলে খেলবেন মেসি ও রোনাল্ডো?
সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করে লারা জানিয়েছেন, তাঁর এই আবেদন কোনও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়, বরং সম্পূর্ণ মানবিকতার খাতিরে। লারা তাঁর পোস্টে লিখেছেন, খেলোয়াড় জীবনে ইমরান খানের সঙ্গে মাঠে তাঁর খুব কমই দেখা হয়েছে, কিন্তু তাঁর প্রতি মনে যে শ্রদ্ধা তৈরি হয়েছিল, তা চিরস্থায়ী। তিনি এটা ভেবেই অবাক হচ্ছেন যে, যিনি একসময় নিজের দেশের মানুষের কাছে আশা, গর্ব ও অনুপ্রেরণার প্রতীক ছিলেন, তিনি আজ এমন একটি পরিস্থিতিতে রয়েছেন যেখানে তাঁর উপযুক্ত চিকিৎসা হচ্ছে না। একজন মানুষের যেটুকু সম্মান প্রাপ্য, তাঁকে সেটাও দেওয়া হচ্ছে না।
অন্যান্য প্রাক্তন অধিনায়কদের সঙ্গে সুর মিলিয়ে লারাও ইমরানের জন্য স্বাধীন এবং উপযুক্ত চিকিৎসার দাবি জানিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, এটা কোনও রাজনীতি নয়, এটা তাঁদের খেলার একজন কিংবদন্তির জন্য খুব সাধারণ মানবিকতার প্রশ্ন।
উল্লেখ্য, দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে ২০২৩ সালের আগস্ট মাস থেকে কারাবন্দি রয়েছেন ৭৩ বছর বয়সী ইমরান খান। তাঁর শারীরিক অসুস্থতার খবর সামনে আসায় ক্রিকেট বিশ্বের বহু প্রাক্তন তারকা তাঁর সুচিকিৎসার দাবিতুলেছেন। লারার আগে সুনীল গাভাসকর, কপিল দেব, মাইকেল আথারটন, প্যাট কামিন্স এবং গ্রেগ চ্যাপেলের মতো প্রাক্তন ও বর্তমান তারকারাও পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।



