Jeetu Kamal: ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে বিগ বসে আজ জিতু কমল, পা রাখতেই সতর্ক করলেন সঞ্চালক সৌরভ
KOLKATA: ‘বিগ বস বাংলা’ (Bigg Boss Bangla)-র ঘরে ফের নতুন চমক। গত কয়েকদিনের সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দ্বিতীয় ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ হিসেবে বিগ বসের অন্দরমহলে পা রাখলেন জনপ্রিয় অভিনেতা জিতু কমল। আর শোয়ে পা রাখতেই তাঁকে কড়া সতর্কবার্তা দিলেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন: Bigg Boss Bangla: ভরতকে সরিয়ে বিগ বসের নতুন ক্যাপ্টেন সোহিনী পাল, ‘ভিখিরি’ কটাক্ষ রাজবীর-নন্দিনীর
সৌরভ স্পষ্ট জানিয়ে দেন, বিগ বসের ঘরে চুপ করে থাকলে চলবে না। জয়িতা-ঝিলমের মতো কড়া প্রতিদ্বন্দ্বী এবং বিশেষ করে ‘রোমিও’ রাজবীরের সঙ্গে তাঁর জোরদার লড়াই হতে চলেছে। নিজের মতামত স্পষ্ট করে রাখার পরামর্শ দেন সঞ্চালক। পালটা জিতুও জানান, অন্যায়ের প্রতিবাদ করতে তিনি পিছপা হবেন না। ভালো মানুষরা মুখ খোলেন বলেই পৃথিবীটা এখনও সুন্দর আছে। সৌরভ তাঁকে একজন ‘স্ট্রং’ প্রতিযোগী হিসেবেই সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

বর্তমানে ভরত কলকে সরিয়ে সোহিনী পালের ক্যাপ্টেন হওয়া নিয়ে বিগ বসের ঘরে বিস্তর বিতর্ক চলছে। নতুন ক্যাপ্টেনকে মেনে নিতে নারাজ রাজবীর দে, নন্দিনী দত্ত থেকে শুরু করে অনেকেই। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই জিতুর এন্ট্রি ঘরের সমীকরণকে আরও জটিল করে তুলবে বলে মনে করছেন দর্শকরা। প্রথম ওয়াইল্ড কার্ড হিসেবে রাজবীর আসার পর ঘরের পরিবেশ বদলেছিল, এবার জিতু আসায় রাজবীর নিজেই কোণঠাসা হতে পারেন বলে চর্চা শুরু হয়েছে।




