Kolkata Police Volunteers: দুর্গাপুজোয় এবার কমলা পোশাকে ভিড় সামলাবেন স্বেচ্ছাসেবকরা, ৮৯ লক্ষ টাকা খরচ করছে কলকাতা পুলিশ
KOLKATA: দুর্গাপুজো (Durga Puja 2026) আসন্ন, আর উৎসবের দিনগুলিতে শহর কলকাতার ট্রাফিক ও আইনশৃঙ্খলার অন্যতম বড় ভরসা কলকাতা পুলিশের ভলান্টিয়াররা (Kolkata Police Volunteers)। এতদিন তাঁদের সাধারাণত হাফ হাতা টি-শার্ট পরে ডিউটি করতে দেখা যেত, তবে এবার তাঁদের পোশাকে বড়সড় বদল আসতে চলেছে। পুজোর ভিড় সামলাতে এবার নতুন কমলা রঙের পোশাক পরবেন কলকাতা পুলিশের এই স্বেচ্ছাসেবকরা। লালবাজার সূত্রে খবর, ২০ হাজার স্বেচ্ছাসেবকের পোশাক ও টুপির জন্য ইতিমধ্যেই ৮৯ লক্ষ টাকা খরচ করছে কলকাতা পুলিশ।

পুজোর দিনগুলোতে দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করতে হয় ভলান্টিয়ারদের। সেই কথা মাথায় রেখেই পোশাকের নতুন ডিজাইন করেছে লালবাজার। পুলিশ আধিকারিকদের কথায়, নতুন পোশাকটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে স্বেচ্ছাসেবকরা আরামে দীর্ঘক্ষণ ডিউটি করতে পারেন। চতুর্থী থেকে শুরু করে দশমী এবং তারপর বিসর্জনের দিন পর্যন্ত কলকাতা পুলিশ, হোমগার্ড এবং সিভিক ভলান্টিয়ারদের পাশাপাশি এই স্বেচ্ছাসেবকদের উপর ব্যাপকভাবে নির্ভর করে ট্রাফিক ও ভিড় নিয়ন্ত্রণের কাজ। স্কুল, কলেজের ছাত্রছাত্রী, এনসিসি ক্যাডেট এবং বিভিন্ন ক্লাবের সদস্যদের নিয়ে এই ভলান্টিয়ার বাহিনী গঠন করা হয়।
মহালয়ার পর থেকেই প্রতিটি ডিভিশনে এই স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া শুরু হবে। জানা গিয়েছে, কলকাতা শহরের পাশাপাশি এবার ভাঙড় এলাকার আইন-শৃঙ্খলা ও ট্রাফিক সামলানোর ক্ষেত্রেও এই স্বেচ্ছাসেবকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। নতুন কমলা পোশাকে সজ্জিত হয়ে তাঁরা কীভাবে শহর কলকাতার উৎসবের ভিড় সামলান, এখন সেটাই দেখার।




