Lenin Sarani: লেনিন সরণির নাম বদলে দেবপ্রসাদ ঘোষ সরণি করার প্রস্তাব, জানেন কে ছিলেন বাংলার এই কৃতী সন্তান?
KOLKATA: সোহরাবর্দি অ্যাভিনিউয়ের নাম পাল্টে সদ্যই হয়েছে গোপাল মুখার্জি রোড। এবার কি কলকাতার অন্যতম বিখ্যাত রাস্তা লেনিন সরণির (Lenin Sarani) নামও বদলে যেতে চলেছে? রাজনৈতিক মহল সূত্রে খবর, খুব শীঘ্রই লেনিন সরণির নাম বদলে দেবপ্রসাদ ঘোষ সরণি করার প্রস্তাব দিতে চলেছেন প্রবীণ বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)। কিন্তু অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, কে এই দেবপ্রসাদ ঘোষ (Debaprasad Ghosh)?

ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায়, আচার্য দেবপ্রসাদ ঘোষ ছিলেন একাধারে অসাধারণ এক গণিতজ্ঞ, প্রখ্যাত শিক্ষাবিদ, ভাষাবিদ, আইনজীবী এবং ভারতীয় রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। ১৮৯৪ সালে অবিভক্ত বাংলার বরিশালের বানারীপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। ছাত্রজীবনে তিনি ছিলেন এক দুর্লভ মেধার অধিকারী। ১৯১২ সালে কলকাতার সিটি কলেজ থেকে গণিতে বি.এ. পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে তিনি ‘ঈশান স্কলারশিপ’ পান। এমনকী, গণিতে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের নম্বর অর্জনের রেকর্ডও তিনি ভেঙে দিয়েছিলেন, যার জন্য তাঁকে ‘আধুনিক গণিতের রামানুজন’ বলেও অভিহিত করা হত। মাত্র ২১ বছর বয়সে রিপন কলেজে (বর্তমান সুরেন্দ্রনাথ কলেজ) অধ্যাপনা দিয়ে তাঁর কর্মজীবন শুরু হয়। পরবর্তীতে রংপুরের কারমাইকেল কলেজের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
শুধুমাত্র শিক্ষা জগতেই নয়, রাজনীতির ময়দানেও তাঁর পদচারণা ছিল অত্যন্ত উজ্জ্বল। প্রথমে কংগ্রেস দিয়ে রাজনীতি শুরু করলেও ১৯৫১ সালে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে ‘ভারতীয় জনসংঘ’ গঠিত হলে তিনি সেই দলে যোগ দেন। ১৯৫২ সালে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন এবং ১৯৫৬ থেকে ১৯৬৫ সালের মধ্যে দীর্ঘ পাঁচ বছর ভারতীয় জনসংঘের সর্বভারতীয় সভাপতি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন দেবপ্রসাদ ঘোষ। ১৯৮৫ সালের ১৪ জুলাই তাঁর জীবনাবসান হয়। আজ কলকাতার লেনিন সরণির নাম বদলের প্রস্তাবকে কেন্দ্র করে বাংলার এই বিস্মৃতপ্রায় পণ্ডিত ও রাজনীতিবিদের নাম ফের একবার চর্চায় উঠে এসেছে।




