Madan Mitra on Sumit Roy Arrest: অভিষেকের বাড়ি থেকে পিএ সুমিত গ্রেফতার হতেই ‘সেটিং’ তত্ত্ব মদনের! বললেন, ‘২ প্লাস ২ – ৪’
KOLKATA: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি থেকে তাঁর আপ্ত সহায়ক সুমিত রায়ের গ্রেফতারি ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড়। আর এই মেগা গ্রেফতারির পরপরই বিস্ফোরক দাবি নিয়ে সরব হলেন ঋতব্রত শিবিরের নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। সুমিতের গ্রেফতারি এবং অভিষেকের বিদেশযাত্রার মধ্যে সরাসরি ‘সেটিং’-এর ইঙ্গিত দিলেন তিনি।
এদিন মদন মিত্র বলেন, “আপনাদের জানিয়ে রাখলাম, আমরা খবর পেয়েছি নিউ জার্সির লং আইল্যান্ডে পৃথিবীর সর্বোচ্চ খরচের একটা জায়গায় গোটা হাভেলি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসা করাচ্ছেন। একটা চোখের চিকিৎসা করার জন্য হাভেলির প্রয়োজন কি না, সেটা যাঁরা খরচ করছেন, তাঁরা ভাববেন।” এরপরই তিনি যোগ করেন, “তাঁর যাওয়া এবং সুমিতের অ্যারেস্ট হওয়া— এই দুইয়ের মধ্যে একটা ২ প্লাস ২ সমান ৪ খুঁজে পাওয়া যাচ্ছে। কথাটা সেটিংয়েই দাঁড়িয়ে যাচ্ছে। কারণ এর মধ্যে তো আর বেটিং নেই, এর মধ্যে সেটিং রয়েছে।”

কালীঘাট শিবিরকে সরাসরি নিশানা করে তিনি আরও বলেন, “এখন তৃণমূল যে জায়গায় চলে গেছে, আমার মনে হয় আম্বানি বা আদানিরাও প্রশ্ন করবে না যে তৃণমূল কংগ্রেসের লোকেরা কোথা থেকে এত টাকা পাচ্ছে। সবাই জেনে গেছে। টাকা আর কালীঘাট তৃণমূল এখন সমার্থক।”
আরও পড়ুন: Sumit Roy Arrest: সুপ্রিম কোর্টে জামিন খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়
প্রসঙ্গত, শালবনীতে সরকারি জমি বিক্রির কোটি টাকার দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে আগাম জামিনের আর্জি খারিজ হতেই সিআইডি-র জালে ধরা পড়েন সুমিত রায়। এর আগে এই জোড়া মামলায় (শালবনী ও ডেবরা) তাঁকে ভবানীভবনে ১১ বার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ১৩ জুন সুমিতের খোঁজে অভিষেকের বাড়িতে তল্লাশিও চালায় পুলিশ। এবার এই গ্রেফতারিকে হাতিয়ার করেই কালীঘাট শিবিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সুর চড়ালেন মদন মিত্র।




