PM Modi: মোদির জন্মদিনে রাজ্যে একগুচ্ছ কর্মসূচির ঘোষণা মুখ্যমন্ত্রীর, প্রদীপ জ্বালাবে ১ কোটি পরিবার
KOLKATA: আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) ৭৭তম জন্মদিন উপলক্ষে রাজ্যজুড়ে একগুচ্ছ মেগা কর্মসূচির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গুজরাতের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দীর্ঘ কার্যকালকে মর্যাদার সঙ্গে পালন করতে ১৭ সেপ্টেম্বর থেকে এক মাস ব্যাপী ‘সেবা সম্পর্ক অভিযান’ পালনের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
মুখ্যমন্ত্রী জানান, আগামী ১৭ তারিখে পূর্ব ঘোষিত ‘অন্নপূর্ণা দিবস’-এর পাশাপাশি সূর্যাস্তের পরে গোটা রাজ্যজুড়ে ‘আশীর্বাদকী দিয়া’ বা প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হবে। তিনি বলেন, “আমরা পশ্চিমবঙ্গে অন্তত এক কোটির বেশি পরিবারে প্রদীপ প্রজ্জ্বলন করার সিদ্ধান্ত নিয়েছি।” কলকাতার গঙ্গার ঘাটগুলিকে কেন্দ্র করে মূল অনুষ্ঠানটি আয়োজিত হবে। এছাড়াও নবান্ন, রাইটার্স, ভিক্টোরিয়া-সহ বিভিন্ন ঐতিহ্যশালী সরকারি দফতর এবং কালীঘাট মন্দিরকেও প্রদীপের আলোয় সাজিয়ে তোলা হবে।

এই কর্মসূচির সঙ্গে রাজ্যের ৮০ হাজারেরও বেশি স্কুলকে যুক্ত করা হচ্ছে। ‘২০৪৭-এর বিকশিত ভারত’ বা আগামী দিনের স্বপ্নের ভারত কেমন হওয়া উচিত, তা নিয়ে ছাত্রছাত্রীদের জন্য অঙ্কন, ক্যুইজ, বিতর্ক ও তাৎক্ষণিক বক্তৃতার মতো প্রতিযোগিতার আয়োজন করেছে স্কুল শিক্ষা দফতর।
এর পাশাপাশি ‘নমঃ সেবাগাথা’, ‘অঙ্গন কা উৎসব’ ও ‘কাহানি বদলাও কি’ কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনা, জলজীবন মিশন, সূর্যঘর, আয়ুষ্মান ভারত এবং পিএম কিষাণ সম্মাননিধির মতো প্রকল্পের সুবিধাভোগীদের জীবনযাত্রার ইতিবাচক পরিবর্তনের চিত্র তুলে ধরা হবে। এই এক মাস জুড়ে রাজ্যের বিভিন্ন জায়গায় বিকশিত ভারত সংকল্প যাত্রা, সাইকেল ও বাইক র্যালি এবং পদযাত্রার মতো কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।




