Jeetu Kamal on Media: ‘সাংবাদিকরা সেলিব্রিটিদের চাকর নয়!’, ছবির প্রচারে প্রশ্নের রাশ টানার বিরোধিতায় বিস্ফোরক জীতু কামাল
KOLKATA: ছবির প্রচারে এসে সাংবাদিকদের প্রশ্নের পরিধি বেঁধে দেওয়া কিংবা ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্নে আপত্তি তোলা— টলিউডের এই সাম্প্রতিক প্রবণতার বিরুদ্ধে এবার চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন অভিনেতা জীতু কামাল (Jeetu Kamal)। তাঁর স্পষ্ট বক্তব্য, সাংবাদিকরা সেলিব্রিটিদের চাকর নন। সংবাদমাধ্যমের কর্মীরা নিখরচায় ছবির প্রচার যেমন করে দিচ্ছেন, তেমনই একজন অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করার সম্পূর্ণ অধিকার তাঁদের রয়েছে। শিল্পীদের যদি সেই প্রশ্ন বুদ্ধিদীপ্তভাবে সামলানোর ক্ষমতা না থাকে, তবে তাঁদের সাক্ষাৎকার না দিয়ে ঘরে বসে থাকা উচিত।
সম্প্রতি সাই প্রকাশ লাহিড়ি পরিচালিত ‘এরাও মানুষ’ ছবিতে আবারও একসঙ্গে জুটি বেঁধেছেন জীতু কামাল এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। চলতি মাসেই ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও এখনও সেন্সর বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় তা সাময়িকভাবে পিছিয়ে গিয়েছে। তবে মুক্তির আগেই ছবির প্রচার এবং সমসাময়িক বিতর্ক নিয়ে খোলামেলা আড্ডায় মেতে ওঠেন অভিনেতা।

টলিউডের এক বর্ষীয়ান অভিনেত্রীর সম্প্রতি করা অনুরোধ ছিল— ছবির প্রচারের সময় শিল্পীদের যেন কেবল ছবি নিয়েই প্রশ্ন করা হয়। এই প্রসঙ্গে নিজের স্পষ্ট অবস্থান জানিয়ে জীতু কামাল বলেন, “আমি যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলি, তখন সেটা কেবল ইন্টারভিউ থাকে না, একটি আড্ডা হয়ে যায়। সাংবাদিক কী প্রশ্ন করবেন, সেটা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত বিষয়। ওটা তাঁর পেশা। আর একজন শিল্পী হিসেবে আমি কী উত্তর দেব, সেটা আমার নিজস্ব ব্যাপার। এই ভারসাম্যটা বজায় রাখা দুই পক্ষেরই দায়িত্ব।”
ক্ষোভ প্রকাশ করে জীতু আরও বলেন, “আমি সাংবাদিকদের উপর কোনও শর্ত চাপিয়ে দিতে পারি না যে তুমি শুধু এই কারণেই আসবে। আপনি আমার চাকর নন। আপনি এসেছেন আপনার কাজ করতে, আমি এসেছি আমার কাজ করতে। আপনারা আমাদের ছবি ‘এরাও মানুষ’-এর প্রচার বিনামূল্যে করে দিচ্ছেন, চ্যানেলে দেখাচ্ছেন। ঠিক তেমনই সাংবাদিক হিসেবে আপনার পূর্ণ অধিকার রয়েছে আমার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করার। সেটাকে কীভাবে হ্যান্ডেল করতে হবে, সেই ক্রিয়েটিভ সেন্স একজন শিল্পীর থাকা উচিত। যদি সেই ক্ষমতা না থাকে, তবে সাংবাদিকদের এড়িয়ে চলুন এবং একঘরে থাকুন।”

উল্লেখ্য, জীতু-শ্রাবন্তী ছাড়াও ‘এরাও মানুষ’ ছবিতে অভিনয় করেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, সত্যম ভট্টাচার্য, শান্তিলাল মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু, চন্দন সেন ও কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের মতো একঝাঁক শিল্পী। তিন বন্ধুর টানাপোড়েনের গল্প করতে নিয়েই নির্মিত হয়েছে এই ছবি।




