American Airlines Flight: মাঝ আকাশে বিমানে আচমকাই নগ্ন হয়ে অশালীন আচরণ, মিয়ামিতে গ্রেফতার মহিলা যাত্রী
MIAMI: মাঝ আকাশে যাত্রীবোঝাই বিমানে (American Airlines Flight) আচমকাই নিজের সমস্ত পোশাক খুলে ফেললেন এক মহিলা যাত্রী। শুধু তাই নয়, এরপর নগ্ন অবস্থাতেই অন্যান্য যাত্রীদের সামনে চূড়ান্ত অশালীন আচরণ করতে শুরু করেন তিনি। শুক্রবার রাতে আমেরিকান এয়ারলাইন্সের ১৭৭৯ নম্বর উড়ানে ঘটা এই অভাবনীয় ঘটনায় রীতিমতো আতঙ্কিত ও স্তম্ভিত হয়ে যান বিমানের অন্যান্য যাত্রীরা।

জানা গিয়েছে, বাল্টিমোর/ওয়াশিংটন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিয়ামির উদ্দেশে রওনা দিয়েছিল ওই যাত্রীবাহী বিমানটি। উড়ানের কিছু সময় পরেই কেবিন ক্রুদের কাছে খবর আসে যে, ৯ডি (9D) আসনের এক মহিলা যাত্রী সম্পূর্ণ নগ্ন হয়ে পড়েছেন এবং সহযাত্রীদের সামনে অত্যন্ত আপত্তিকর ও অশালীন আচরণ করছেন। পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি ককপিটে পাইলটদের খবর দেন এক সিনিয়র ফ্লাইট অ্যাটেনডেন্ট। এরপর মাঝ আকাশ থেকেই বিমান সংস্থার অপারেশনস সেন্টার এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়।
বিমানটিতে মাঝ আকাশে এমন অপ্রীতিকর ঘটনা ঘটলেও বিমানটিকে অন্য কোথাও জরুরি অবতরণ করানো হয়নি। নির্ধারিত রুটে এগিয়ে রাত ১১টা ২৩ মিনিট নাগাদ মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বিমানটি। আগে থেকেই সেখানে উপস্থিত ছিল পুলিশ। বিমানটি মাটিতে নামতেই ওই মহিলা যাত্রীকে গ্রেফতার করে পুলিশ। তবে তিনি কেন মাঝ আকাশে আচমকা এমন অদ্ভুত ও আপত্তিকর আচরণ শুরু করলেন, তা জানতে তদন্ত শুরু করেছে মার্কিন প্রশাসন।




