Bageshwar Baba: ‘আমিও বাঙালি’, ‘পাখণ্ডী’ বিতর্কের মাঝেই স্কটল্যান্ড থেকে নিজের মন্তব্যের সাফাই বাগেশ্বর বাবার
KOLKATA: দুর্গাপুজোর সময় বাঙালির আমিষ খাওয়া নিয়ে ‘পাখণ্ডী’ কটাক্ষ করে রাজ্যজুড়ে প্রবল বিতর্কের মুখে পড়েছিলেন ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী ওরফে বাগেশ্বর বাবা (Bageshwar Baba)। তাঁর সেই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছিলেন রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে খোদ রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যও। এবার সেই বিতর্কের মাঝেই সুদূর স্কটল্যান্ডের গ্লাসগো থেকে নিজের মন্তব্যের সাফাই গাইলেন তিনি।
সম্প্রতি বঙ্গ সফরে এসে তিনি বলেছিলেন যে, নবরাত্রির সময় মণ্ডপের আশেপাশে আমিষ খাওয়া তাঁর একেবারেই পছন্দ নয় এবং যারা আমিষ খায় তাদের বয়কট করা উচিত। তবে প্রবল শোরগোলের পর এবার সুর নরম করেছেন তিনি। গ্লাসগো থেকে এক বার্তায় বাগেশ্বর বাবা বলেন, “সব জীবের বাঁচার অধিকার আছে। আমার বলিপ্রথা ভালো লাগে না। কিন্তু কারও খাদ্যাভাস বদলানোর আমি কে? আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।”

তিনি আরও স্পষ্ট করে বলেন, “কেউ তার বাড়িতে মাছ-মাংস খেতেই পারে, সেটা তার সিদ্ধান্ত। আমি শুধু ধার্মিক হিসেবে প্যান্ডেলে মাছ-মাংস খেতে বারণ করেছি।” এরপরই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় নিজেকে বাঙালির কাছের মানুষ প্রমাণ করতে তাঁর সংযোজন, “ভুল বুঝবেন না। আমিও বাঙালি, বিবেকানন্দ-রামকৃষ্ণের শিষ্য।”




