BJP MLA Rekha Patra: প্রতিবেশীর সঙ্গে জমি বিবাদ! আদালতের নির্দেশ অমান্য করে গা-জোয়ারির অভিযোগ বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে
SANDESHKHALI: গায়ের জোরে এক কৃষক পরিবারকে তাঁদের নিজস্ব চাষের জমি থেকে বার করে দেওয়ার মারাত্মক অভিযোগ উঠল হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে। অভিযোগ, নিজের ক্ষমতাবলে পুলিশ ও নিরাপত্তারক্ষী নিয়ে গিয়ে সন্দেশখালিতে এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। এমনকি আদালতের নির্দেশ অমান্য করারও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি বিধায়কের তর্কাতর্কির একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই চরম বিতর্ক শুরু হয়েছে।
হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্রের বাপের বাড়ি উত্তর ২৪ পরগনার সন্দেশখালির বউঠাকুরণ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেখানে ৯ বিঘা একটি সম্পত্তি নিয়ে প্রতিবেশী সুভাষ নস্করের পরিবারের সঙ্গে তাঁদের দীর্ঘদিনের আইনি লড়াই চলছে। সুভাষদের দাবি, আদালতের স্পষ্ট নির্দেশ মেনেই তাঁরা ওই জমিতে চাষবাস করছিলেন এবং বাধা এলে পুলিশকে জানানোর কথা বলা হয়েছিল। কিন্তু অভিযোগ, পুলিশ ও নিরাপত্তারক্ষীদের নিয়ে গিয়ে জোর করে তাঁদের জমি থেকে তুলে দেন রেখা।

কৃষক পরিবারের সদস্য বরুণ নস্কর ও সঞ্জয় নস্করের অভিযোগ, পুলিশের সামনেই জোরজবরদস্তি তাঁদের উচ্ছেদ করেছেন বিধায়ক। ভিডিয়োতে বিধায়ককে মেজাজ হারাতে দেখা যায় এবং পরিস্থিতি সামলাতে তাঁর নিরাপত্তারক্ষীদেরও হস্তক্ষেপ করতে হয়। সুভাষদের দাবি, “আদালতের নির্দেশ অমান্য করছেন বিধায়ক, আমরা এর সঠিক বিচার চাই।”
এই বিতর্কের জেরে এখনও পর্যন্ত রেখা পাত্র কোনও প্রতিক্রিয়া দেননি। অন্যদিকে, বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি সুকল্যাণ বৈদ্য জানিয়েছেন যে, তিনি বিধায়কের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। গোটা বিষয়টি না জেনে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।




