Mamata Banerjee: শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা নিয়ে কাটল না জট, মামলা ফের সিঙ্গল বেঞ্চে ফেরত পাঠাল ডিভিশন বেঞ্চ
KOLKATA: হুগলির শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত সমাবেশ ঘিরে জটিলতা ও অনিশ্চয়তা অব্যাহত। শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানির পর বিষয়টি ফের সিঙ্গল বেঞ্চেই ফেরত পাঠাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন, আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে সিঙ্গল বেঞ্চকে এই মামলার নিষ্পত্তি করতে হবে। ফলে নির্ধারিত দিনে শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা হওয়া নিয়ে বড়সড় সংশয় তৈরি হলো।
মামলার শুনানিতে রাজ্য সরকারের তরফে শ্রীরামপুরের স্থানীয় জলকল মাঠ কিংবা শ্রীরামপুর কোর্টের মাঠে নির্দিষ্ট সংখ্যক মানুষ নিয়ে রবিবারের সভা করার বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে রাজ্য সরকারের এই প্রস্তাব মানতে নারাজ ‘কালীঘাট তৃণমূল’। দলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে সওয়াল করে জানান, “আমাদের এই বিকল্প প্রস্তাবে আপত্তি আছে। স্নানপিঁড়ি মাঠ এখন বাণিজ্যিকভাবে ব্যবহার হয় না, সবাই ওখানে সভা করে থাকে।”

অন্যদিকে, স্নানপিঁড়ি ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা নিয়ে তীব্র আপত্তি জানায় সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষ। আদালতে তাঁদের বক্তব্য, ওই ময়দান ব্যক্তিগত সম্পত্তি, ফলে সেখানে সভা করতে গেলে মালিকের অনুমতি বাধ্যতামূলক এবং তাঁরা রাজনৈতিক সভার জন্য জমি দিতে নারাজ। পূর্বে রাজনৈতিক সভা করার অনুমতি কেন দেওয়া হয়েছিল, আদালতের এই প্রশ্নের উত্তরে মন্দির কর্তৃপক্ষ দাবি করে যে তখন তাঁদের ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল।
শুনানি চলাকালীন প্রধান বিচারপতি জানতে চান, কর্মসূচিটি আগামী সপ্তাহে করা সম্ভব কি না, যাতে পূর্ণাঙ্গ শুনানি শেষে রায় দেওয়া যায়। জবাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, এটি একটি রাজনৈতিক কর্মসূচি এবং দিন পরিবর্তনে সমস্যা না থাকলেও শীর্ষ আদালতে পূর্বনির্ধারিত মামলার কারণে তিনি আগামী কয়েক দিন উপস্থিত থাকতে পারবেন না। সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনার পর ডিভিশন বেঞ্চ পুরো বিষয়টি পুনর্বিবেচনা ও নিষ্পত্তির জন্য সিঙ্গল বেঞ্চেই ফেরত পাঠিয়ে দেয়।




