Ration Card Cancellation: রাজ্যে বাতিল ১ কোটির বেশি ভুয়ো রেশন কার্ড! ৩ জেলাতেই বাদ ৩৫ লক্ষ, কড়া বার্তা খাদ্যমন্ত্রীর
KOLKATA: রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই রেশন ব্যবস্থায় কড়া পদক্ষেপ গ্রহণ করল খাদ্য দপ্তর। সরকারের তরফে জানানো হয়েছে, ভুয়ো উপভোক্তাদের বাদ দিয়ে প্রকৃত প্রাপকদের কাছে রেশনের সুবিধা পৌঁছে দিতে রাজ্যজুড়ে ১ কোটিরও বেশি ভুয়ো ও নিষ্ক্রিয় রেশন কার্ড (Ration Card Cancellation) বাতিল করার প্রক্রিয়া শুরু হয়েছে।
আরও পড়ুন: Rejinagar Bye Election: পুলিশ ‘দলদাস’ হলে রাস্তায় নামব, চুড়ি পরে বসে থাকব না! হুংকার হুমায়ুন কবীরের
খাদ্য দপ্তর সূত্রে খবর, রেশন কার্ডধারীদের ভোটার কার্ড ও আধার কার্ডের তথ্যের সঙ্গে পিডিএসের (PDS) তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। অভিযোগ, এতদিন পর্যন্ত ভুয়ো তথ্য দিয়ে অবৈধ অনুপ্রবেশকারী, মৃত ও অস্তিত্বহীন গ্রাহকরাও বিনামূল্যে রেশন পাচ্ছিলেন। এবার কড়া ঝাড়াই-বাছাই করে তাঁদের এই তালিকা থেকে সম্পূর্ণ বাদ দেওয়া হচ্ছে। বিশেষত সীমান্তবর্তী জেলাগুলিতে এই নজরদারি সবচেয়ে বেশি চালানো হচ্ছে, কারণ সেখানেই ভুয়ো কার্ডের রমরমা সর্বাধিক।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সবচেয়ে বেশি ভুয়ো রেশন কার্ডের হদিশ মিলেছে। শুধু উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া— এই তিন জেলা মিলিয়েই বাতিল ও নিষ্ক্রিয় রেশন কার্ডের সংখ্যা ইতিমধ্যেই প্রায় ৩৫ লক্ষ ছাড়িয়ে গিয়েছে।
রাজ্যের নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া স্পষ্ট জানিয়েছেন যে, এবার থেকে কেবল যোগ্য উপভোক্তারাই বিনামূল্যে রেশন পাওয়ার সুবিধা পাবেন। সরকারি প্রকল্পের সুবিধা যাতে কোনওভাবেই বেহাত না হয় এবং গরিব মানুষ যাতে তাঁদের নায্য অধিকার পান, তা নিশ্চিত করতেই এই কঠোর যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে সরকার।




