Viral Video: গেরুয়া পোশাকে লঙ্কার গুঁড়ো ছুঁড়ে ব্যাঙ্ক ডাকাতি, এসবিআই-এর সিসিটিভি ফুটেজ ঘিরে শোরগোল
NAGPUR: পরনে গেরুয়া রঙের কুর্তা, মুখে সাদা কাপড় জড়ানো। ব্যাঙ্কের ভেতরে ঢুকে আচমকাই কর্মীদের চোখেমুখে লঙ্কার গুঁড়ো ছুঁড়ে কয়েক লক্ষ টাকা লুট করে পালাল এক দুষ্কৃতী! মহারাষ্ট্রের নাগপুরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর একটি শাখায় ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর ডাকাতির সিসিটিভি ফুটেজ (CCTV Footage) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই দেশজুড়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।
আরও পড়ুন: West Bengal Government: কার্তিক মহারাজের নেতৃত্বে রাস্তার নাম বদলের উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য সরকার
ভাইরাল হওয়া ওই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, ওই দুষ্কৃতী সোজা ক্যাশ কাউন্টারের দিকে এগিয়ে যায়। ব্যাঙ্কের কর্মীরা কিছু বুঝে ওঠার আগেই সে একটি ব্যাগ থেকে লঙ্কার গুঁড়ো বের করে তাঁদের দিকে ছুঁড়তে থাকে। কর্মীরা চোখ জ্বালায় দিশেহারা হয়ে পড়লে, সেই সুযোগে কাউন্টারের কাঁচ টপকে ভেতরে ঢুকে নগদ ৪ লক্ষ ৫৩ হাজার টাকা ব্যাগে ভরে চোখের পলকে চম্পট দেয় ওই ব্যক্তি।

মাইক্রোব্লগিং সাইট এক্স (X)-এ পীযূষ রাই নামের এক সাংবাদিক এই হাড়হিম করা ভিডিওটি শেয়ার করেছেন। ‘অরেঞ্জ সিটি’ খ্যাত নাগপুরে প্রকাশ্য দিবালোকে গেরুয়া পোশাকধারী এই ব্যক্তির অভিনব কায়দায় ব্যাঙ্ক লুটের ঘটনা পুলিশের নিরাপত্তা ব্যবস্থাকেও রীতিমতো কাঠগড়ায় তুলেছে। পুলিশ ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ওই অভিযুক্তের খোঁজে জোরদার তল্লাশি শুরু করেছে।



