Bageshwar Baba: বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর, বললেন, ‘ওই লোকগুলোকে অ্যারেস্ট করতে হবে’
KOLKATA: ধীরেন্দ্র শাস্ত্রী ওরফে বাগেশ্বর বাবার (Bageshwar Baba) মন্তব্যের বিরুদ্ধে এফআইআর দায়ের এবং তাঁর ছবি পুড়িয়ে বিক্ষোভের ঘটনায় এবার কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানীপুর থানার সামনে যাঁরা ওই ছবি পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন, পুলিশ কমিশনারকে তাঁদের অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন তিনি।
আরও পড়ুন: Sumit Roy Arrest: সুপ্রিম কোর্টে জামিন খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়
বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় ‘পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয় প্রশাসন ও নিয়ন্ত্রণ (সংশোধন) বিল ২০২৬’ নিয়ে আলোচনা চলছিল। সেখানে বক্তৃতা করতে উঠেই মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের লিলুয়াতে একজন সন্ত এসেছিলেন। সন্তের মতোই তিনি দেশপ্রেম, রাষ্ট্রবাদ এবং অখণ্ড ভারতের কথা বলেছেন। ঐতিহ্য-সংস্কৃতির কথা বলেছেন তাঁর মতো করে। তিনি কারও উপর কিছু চাপিয়ে দিতে চাননি।” এরপরই কড়া সুরে তিনি বলেন, “আমি কতগুলো লোককে দেখলাম ভবানীপুর থানার সামনে ছবি পুড়িয়েছে। এখান থেকে সিপি-কে বলছি, ওই লোকগুলোকে অ্যারেস্ট করতে হবে।”

কংগ্রেসকে নিশানা করে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, “এ রাজ্যে এসব চলবে না। তুষ্টিকরণের রাজনীতি অনেক হয়েছে।” তিনি আরও যোগ করেন, “গেরুয়া শব্দের অপমান করার আগে একবার নয় পাঁচবার ভাববেন। সাধু-সন্ত সমাজকে অপমান করা… অনেক করেছেন এসব।” এই তুষ্টিকরণের রাজনীতির ফলেই বিরোধীদের সংখ্যা কমে গিয়েছে বলে কটাক্ষ করে তিনি জানান, বর্তমানে তাঁদের আসন ২০৭ এবং উপনির্বাচনের পর তা ২০৮ বা ২০৯ হবে। রেজিনগর আসনটিতেও তাঁরা জোরকদমে লড়বেন বলে স্পষ্ট জানান।
সম্প্রতি লিলুয়ায় এসে দুর্গাপুজোর সময় আমিষভোজী বাঙালির খাদ্যাভ্যাস নিয়ে মন্তব্য করেন বাগেশ্বর বাবা। এর তীব্র প্রতিবাদ জানিয়ে ভবানীপুর থানায় এফআইআর দায়ের করেন এবং বিক্ষোভ দেখান দক্ষিণ ও মধ্য কলকাতা জেলা কংগ্রেসের নেতারা। তাঁদের অভিযোগ ছিল, বাংলায় এসে বাঙালিকে আক্রমণ করেছেন তিনি। তবে বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে সেই বিক্ষোভকারীদের বিরুদ্ধেই সরাসরি গ্রেফতারির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।




