Bageshwar Baba: দুর্গাপুজোয় আমিষভোজীরা ‘পাখণ্ডী’! ফের ফতোয়া দিয়ে বিতর্কে বাগেশ্বর বাবা, কড়া জবাব শমীকের
KOLKATA: দুর্গাপুজোয় বিশ্ব হিন্দু পরিষদের আমিষ বিতর্ক নিয়ে এমনিতেই রাজ্য রাজনীতিতে চাপানউতোর চলছে। তারই মাঝে ফের আমিষ খাবার নিয়ে ফতোয়া জারি করলেন স্বঘোষিত ধর্মগুরু বাগেশ্বর বাবা (Bageshwar Baba)। তাঁর স্পষ্ট দাবি, যাঁরা দুর্গাপুজোর সময়ে আমিষ খান তাঁরা ‘পাষণ্ড’ বা ‘পাখণ্ডী’ (ভেকধারী)। তাঁর এই ফতোয়া ঘিরেই এখন শুরু হয়েছে জোর বিতর্ক।
সম্প্রতি এক অনুষ্ঠানে বাগেশ্বর বাবা বলেন, “পশ্চিমবঙ্গে একটা জিনিসই খুব খারাপ লাগে, নবরাত্রির সময় মণ্ডপের আশেপাশে আমিষ খাওয়া হয়। যা আমার একেবারেই পছন্দ নয়।” বঙ্গবাসীর কাছে তাঁর আর্জি, “আমি বলব এবার পুজোয় সব হিন্দুরা জেগে উঠুন। যাঁরা আমিষ খায় তাঁদের বহিষ্কার করা হোক। ওরা মোটেও ধার্মিক নয়, পাখণ্ডী।” পাশাপাশি আমিষাশীদের ধর্মপ্রেম নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “ওরা পিঁয়াজ খায়, আবার ধার্মিক বলে। মদ্যপান করেন কিনা জিজ্ঞেস করলে বলেন, হ্যাঁ খাই, তবে হনুমানজির দিন বলে মঙ্গলবার খাই না। কেন? মঙ্গলবার ছাড়া অন্য দিন কী হনুমানজি ছুটিতে থাকেন?”

কারও খাদ্যাভ্যাস নিয়ে এই জোরজবরদস্তির তীব্র বিরোধিতা করেছেন খোদ রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানান, “আমরা সাধারণত নবমীর দিন পাঁঠার মাংস খাই, অষ্টমীর দিন লুচি খাই। সেটাই খাব। বাংলার মানুষকে খাওয়াদাওয়া নিয়ে কিছু বলার নেই। কোনও সাধুর কথায় কে কী খাবে, সেটা বন্ধ করে দেওয়া হবে না।”
আরও পড়ুন: Child Marriage in Bengal: বাল্যবিবাহ ও নাবালিকা প্রসবে শীর্ষে মুর্শিদাবাদ! পরিস্থিতি রুখতে কড়া পদক্ষেপের নির্দেশ শুভেন্দুর
কে এই বাগেশ্বর বাবা? তাঁর আসল নাম ধীরেন্দ্রকৃষ্ণ গর্গ। মধ্যপ্রদেশের ছতরপুরের গড়া গ্রামে জন্ম। একসময় নির্মোহী আখড়ার কাছে ‘দৈব দরবার’ শুরু করেন তিনি। অলৌকিক ক্ষমতার অধিকারী দাবি করে ধীরে ধীরে তিনি বাগেশ্বর ধাম সরকারের অধিপতি হয়ে ওঠেন। তাঁর ভক্তদের দাবি, তিনি নাকি কথা শোনার আগেই চিরকুটে ভক্তদের মনোস্কামনা লিখে ফেলেন। একসময় তৃণমূল জমানায় তাঁকে বাংলায় ধর্মীয় অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়নি। তবে বর্তমানে তিনি রাজ্যে এসে আতিথেয়তায় আপ্লুত হয়ে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন। যদিও লাভ জেহাদ থেকে শুরু করে মহিলাদের সিঁদুর পরা নিয়ে বিতর্কিত মন্তব্য করে তিনি বারবারই সংবাদের শিরোনামে উঠে এসেছেন।



