Durga Puja 2026 Donation: পুজো কমিটিগুলিকে ১ লক্ষ টাকা অনুদান ঘোষণা শুভেন্দুর, বড় ক্লাবগুলিকে টাকা না নেওয়ার আর্জি
KOLKATA: রাজ্যে সরকারের পালাবদলের পর চলতি বছরে বাংলায় প্রথম দুর্গাপুজো। এই আবহে সোমবার মিলন মেলা প্রাঙ্গণে পুজো কমিটিগুলির সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৈঠক শেষে দুর্গাপুজোকে কেন্দ্র করে একাধিক বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, ক্লাবগুলিকে সরকারের তরফ থেকে ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। তবে বড় বাজেটের এবং আর্থিকভাবে সক্ষম ক্লাবগুলিকে সরকারি অনুদান না নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি বিসর্জনের শোভাযাত্রায় ডিজে বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিগুলিকে প্রথম বছর ২৫ হাজার টাকা দিয়ে এই অনুদান দেওয়া শুরু করেছিলেন। পরবর্তীতে সেই অঙ্ক বেড়ে গত বছর অর্থাৎ ২০২৫ সালে দাঁড়িয়েছিল ১ লক্ষ ১০ হাজার টাকায়। ক্ষমতার পালাবদলের পর বড় ক্লাবগুলিকে অনুদান দেওয়া হবে কি না, তা নিয়ে নানা জল্পনা চলছিল। সোমবার বৈঠকের পর মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, সরকারি সাহায্য ছাড়া যাদের পুজো করা সম্ভব নয়, এমন ছোট ও মাঝারি বাজেটের পুজো কমিটিগুলিকেই ১ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেবে সরকার।
মুখ্যমন্ত্রী বড় পুজো কমিটিগুলির উদ্দেশে বলেন, “বড় বাজেটের কমিটিগুলিকে আবেদন জানাচ্ছি, আপনারা আর্থিক সাহায্য নেবেন না। আপনারা সাহায্য না নিলে আমি আপনাদের ধন্যবাদ জানাব। যাদের এই সহযোগিতা ছাড়া পুজো করা সম্ভব না, কেবল তাদেরই সরকার ১ লক্ষ টাকা দেবে। সিদ্ধান্ত ক্লাবগুলির ওপরই ছাড়া হলো, কোনও কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না।” তিনি আরও জানান, অনুদান নেওয়া ঐচ্ছিক বা অপশনাল রাখা হয়েছে। যারা অনুদান নিতে চান, তারা নির্দিষ্ট নিয়মে পুলিশের কাছে গিয়ে আবেদন করবেন।
প্রাক্তন সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, “আগে বলা হতো যারা সরকারি সহযোগিতা নেয় না তারা সরকারের বিরোধী। ভালো পুজো করতে গেলে এখন ১০ লক্ষ টাকার কমে হয় না, গ্রামেও ৪-৫ লক্ষ টাকা লাগে। আপনারা বিজ্ঞাপন নিন। আমরা চাই স্বচ্ছতা বজায় থাকুক।” এছাড়াও মাতৃপক্ষ শুরুর আগে দুর্গাপুজোর উদ্বোধন করা যাবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।



