FIR Against Bageshwar Baba: বাঙালির ভাবাবেগে আঘাত! ‘আমিষ’ ফতোয়া বিতর্কে বাগেশ্বর বাবার বিরুদ্ধে FIR যুব কংগ্রেসের, দাবি গ্রেপ্তারির
KOLKATA: হাওড়ায় এসে দুর্গাপুজোয় বাঙালির আমিষ খাওয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করে চরম আইনি গেরোয় পড়লেন মধ্যপ্রদেশের স্বঘোষিত ধর্মগুরু ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী ওরফে বাগেশ্বর বাবা (Bageshwar Baba)। বাঙালির ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে এবার তাঁর বিরুদ্ধে দক্ষিণ কলকাতার ভবানীপুর থানায় (Bhowanipur Police Station) এফআইআর (FIR) দায়ের করল যুব কংগ্রেস। অবিলম্বে তাঁর গ্রেপ্তারির দাবি জানিয়ে মঙ্গলবার থানার সামনে বিক্ষোভও দেখান কংগ্রেস কর্মী-সমর্থকরা।
জানা গিয়েছে, সম্প্রতি হাওড়ার এক ধর্মসভায় যোগ দিয়ে বাগেশ্বর বাবা দাবি করেন, যাঁরা দুর্গাপুজোয় আমিষ খান তাঁরা ‘পাখণ্ডী’ বা ভণ্ড। বাঙালির পুজোয় খাওয়া-দাওয়াকে ‘গন্দে গন্দে ভোজন’ বা নোংরা খাবার বলেও কটাক্ষ করেন তিনি। তাঁর এই মন্তব্যের পরই রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।

যুব কংগ্রেসের তরফে দায়ের করা এফআইআরের কপিতে বাগেশ্বর বাবার এই ‘পাখণ্ডী’ এবং ‘গন্দা গন্দা কুকিং’-এর মতো অপমানজনক শব্দপ্রয়োগের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। প্রদেশ কংগ্রেস নেতাদের অভিযোগ, ভিনরাজ্য থেকে বাংলায় এসে উনি বাঙালিকেই শেখাতে চাইছেন কীভাবে দুর্গাপুজো করা উচিত। কোনটা ঠিক আর কোনটা ভুল, তা জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, যা বাংলা ও বাঙালির সংস্কৃতির পক্ষে অত্যন্ত অবমাননাকর।
কংগ্রেস নেতৃত্বের আরও দাবি, যে ব্যক্তি আমিষভোজী বাঙালিকে ভণ্ড বলছেন, উনি নিজেই আসলে এক ‘ভণ্ড সাধু’। তাই পুলিশ প্রশাসনকে অবিলম্বে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে হবে। শুধু ভবানীপুর থানাতেই নয়, বাঙালির ভাবাবেগে আঘাত করার অভিযোগে আগামী দিনে রাজ্যের একাধিক জায়গায় বাগেশ্বর বাবার বিরুদ্ধে আরও অভিযোগ দায়ের করা হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেস শিবির।




